আজকাল ওয়েবডেস্ক: অনন্য কীর্তি গড়লেন জানিক সিনার। ইন্ডিয়ান ওয়েলস ওপেন চ্যাম্পিয়ন হয়ে রজার ফেডেরার এবং নোভাক জকোভিচের কীর্তি ছুঁয়ে তাঁদেরই রেকর্ড ভাঙলেন তিনি। বিশ্বের কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে এই কৃতিত্ব তাঁর। রবিবার ফাইনালে ডানিল মেদভেদেভকে হারিয়ে প্রথমবার ইন্ডিয়ান ওয়েলস ওপেনের খেতাব জিতেছেন সিনার। এই জয়ের সুবাদেই নজির গড়েছেন। বিশ্বের দ্বিতীয় বাছাই জিতলেন ৭–৬ (৮–৬), ৭–৬ (৭–৪) গেমে। এটা ঘটনা জিতলেও যথেষ্ট কষ্ট করতে হয়েছে সিনারকে।
এটা ঘটনা, মাত্র ২৪ বছরেই অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, এটিপি ফাইনাল, ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি ওপেন, সিনসিনাটি ওপেন, সাংহাই ওপেন, প্যারিস ওপেন এবং কানাডিয়ান ওপেন জিতে নিয়েছেন সিনার। পেশাদার টেনিসে হার্ড কোর্টে সব টুর্নামেন্টেই জিতলেন। সিনার ছাড়া হার্ড কোর্টে সুপার সেট জয়ের কৃতিত্ব আছে ফেডেরার ও জকোভিচের। ফেডেরার ৩০ বছর বয়সে এবং জকোভিচ ৩১ বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। সিনার ২৪ বছর বয়সেই তাঁদের কীর্তি স্পর্শ করলেন। সঙ্গে গড়লেন রেকর্ডও।
এই কৃতিত্ব অর্জন করে সিনার বলেছেন, ‘আমি খুব খুশি। দুর্দান্ত একটা সপ্তাহ কাটালাম। প্রতিযোগিতা শুরুর কয়েক দিন আগেই চলে এসেছিলাম। কারণ আগে ইন্ডিয়ান ওয়েলস জিততে পারিনি। তাই কয়েক দিন আগে এসে সবচেয়ে ভাল প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছিলাম পেশাদার হিসাবে। তাই এই ট্রফিটা আমার কাছে অনেক কিছু।’
অবশ্য এই কৃতিত্ব আন্দ্রে আগাসিরও রয়েছে। আগাসির ঝুলিতে রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, ট্যুর ফাইনাল, ইন্ডিয়ান ওয়েলস, মিয়ামি ওপেন, সিনসিনাটি ওপেন, সাংহাই ওপেন এবং মাদ্রিদ ওপেন খেতাব। যদিও আগাসি নিজের সময় হার্ড কোর্টে প্রতিটি বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেও তাঁর খেতাবের সংখ্যা কম।
