আজকাল ওয়েবডেস্ক: 'দড়ি ধরে মারো টান, রাজা হবে খানখান।' ছোটবেলায় এই প্রবচন আমরা সবাই শুনেছি। বিরাট কোহলিও এটা জানেন কিনা জানা নেই। তবে প্রথম কোয়ালিফায়ারের আগে তাঁর গিলের দাড়িতে হাত বুলিয়ে দেওয়ার ভাইরাল ছবি পুরোনো দিনের এই প্রবচন মনে করাতে পারে। আইপিএলের প্রথম কোয়ালিফারে মুখোমুখি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটানস। তার আগে বিরাট কোহলি এবং শুভমন গিলের মধ্যে একটি হালকা মুহূর্ত ভাইরাল হয়ে যায়। যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ধর্মশালায় বেঙ্গালুরু-গুজরাট ম্যাচকে কেন্দ্র করে উন্মাদনা ক্রমশ বাড়ছে। মঙ্গলবার মেগা ম্যাচ। এইচপিসিএ স্টেডিয়ামে প্রাক ম্যাচ অনুশীলনে মুখোমুখি হয় দুই তারকা। ভাইরাল ক্লিপে একে অপরকে দেখে হাসিমুখে কথা বলেন। হাত মেলানোর পর আলিঙ্গন করে। তবে এখানেই শেষ নয়। এরপর যা হল, সেটাই সমর্থকদের নজর কাড়ে। বিরাটকে গিলের গালে, থুরি দাড়িতে হাত বোলাতে দেখা যায়। দাড়ি নিয়ে খুনসুঁটি করেন। তাতে হেসে ফেলে আশেপাশে থাকা প্লেয়ার এবং সাপোর্ট স্টাফ। এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ফ্যানদের মন জয় করে। দুই তারকার মধ্যে এই মজাদার মুহূর্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে। 

কোয়ালিফায়ারে আলাদা আকর্ষণ কোহলি এবং গিলের দ্বৈরথ। চলতি আইপিএলের সেরা দুই দল হিসেবে প্লে অফের যোগ্যতা অর্জন করে বেঙ্গালুরু এবং গুজরাট। ১৪ ম্যাচে দুই দলই ১৮ পয়েন্টে শেষ করে। রানরেটে এগিয়ে থাকায় এক নম্বরে শেষ করে আরসিবি। বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি অন্যান্যবারের তুলনায় বোলিং আক্রমণে ভারসাম্য রয়েছে। ব্যাট হাতে কোহলি, এবং বল হাতে ভুবনেশ্বর কুমার, জস হ্যাজলউড দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে বোলিং ইউনিট হিসেবে নজর কেড়েছে গুজরাট। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শুভমন গিল। জস বাটলার এবং সাই সুদর্শন টপ অর্ডারে ভয়ঙ্কর। বোলিংয়ে মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণ এবং রশিদ খান রয়েছে। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৮৯ রানে হারায়। তবে আসল লড়াইয়ের আগে, দুই প্রজন্মের ব্যাটিং তারকাদের এই মজার মুহূর্ত ভক্তদের মন জয় করে নিয়েছে।