আজকাল ওয়েবডেস্ক: বুধবার রাতে চলতি আইপিএলের সবচেয়ে রোমহর্ষক ম্যাচের সাক্ষী থাকে ক্রিকেট ভক্তরা। অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের কাছে মাত্র ১ রান হারে দিল্লি ক্যাপিটালস। শেষ বল পর্যন্ত ম্যাচ গড়ায়। শেষ দুই বলে দু'রান দরকার ছিল দিল্লির। গুজরাটকে বাঁচান প্রসিদ্ধ কৃষ্ণ। ১৯ ওভারের পঞ্চম বলে রান নিতে দেননি ডেভিড মিলারকে। শেষ বলে বাউন্সার দিয়ে রান আউট করেন। স্নায়ুর লড়াইয়ে শেষপর্যন্ত জেতে গুজরাট। জিতলেও শাস্তির কোপে পড়তে হয় শুভমন গিলকে। স্লো ওভার রেটের কোপ পড়ে গুজরাটের অধিনায়কের ওপর।

আইপিএলের একটি বিবৃতিতে বলা হয়,'আইপিএলের কোড অফ কন্ডাক্ট-এর ২.২২ ধারায় এটা শুভমন গিলের দলের প্রথম ভুল হওয়ায়, গিলকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল।' বুধবার আইপিএলের প্রথম জয় পায় গুজরাট। গিল ফিরতেই জয়ে ফেরে দল। অন্যদিকে ডেভিড মিলারের ভুলের খেসারত দিতে হয় দিল্লিকে। ১৯তম ওভারের পঞ্চম বলে রান নেননি মিলার। শেষ বলটা নিজে খেলতে চেয়েছিলেন। শেষ বলে ব্যাট ছোঁয়াতে পারেননি মিলার। কিন্তু অন্য প্রান্ত থেকে কুলদীপ যাদব রান সম্পূর্ণ করার আগেই জস বাটলার উইকেট ভেঙে দেন। ২১১ রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২০৯ রানে থামে দিল্লি। 

প্রথমে ব্যাট করে বড় রান তোলে গুজরাট। অর্ধশতরান করেন জস বাটলার (৫২), শুভমন গিল (৭০) এবং ওয়াশিংটন সুন্দর (৫৫)। ৪ উইকেট হারিয়ে ২০১০ রানে শেষ করে গুজরাট। শুরুটা ভাল করে দিল্লি। ওপেনিং জুটিতে ৭৬ রান যোগ করেন কেএল রাহুল এবং পাথুম নিশঙ্কা। কিন্তু মাঝের ওভারগুলোতে তিন উইকেট তুলে নিয়ে দিল্লিকে ম্যাচে ফেরান রশিদ খান। ১৯তম ওভার পর্যন্ত ম্যাচ দখলে ছিল গুজরাটের। শেষ দু'ওভারে দিল্লির প্রয়োজন ছিল ৩৬ রান। আঙুলের চোট সারিয়ে মিলার ক্রিজে ফেরায় আশা ছিল। সিরাজের ওভারে ২৩ রান নিয়ে দিল্লিকে একাই ম্যাচে ফেরান মিলার। শেষ ওভারে ১৩ রান দরকার ছিল। প্রথম বলে চার মেরেই আউট হন বিপরাজ নিগম। শেষ ৫ বলে ৮ রান দরকার ছিল। কিন্তু শেষপর্যন্ত এক রান না নেওয়ার ভুলের খেসারত দিতে হল।