আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানা অবশেষে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে চলেছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) পাওয়ার পরই তাঁর রাস্তা পরিষ্কার হয়েছে।
রবিবার সংবাদমাধ্যম রেভস্পোর্টসের এক প্রতিবেদন মারফত জানা গিয়েছে, খুব শীঘ্রই কেকেআর দলে যোগ দেবেন এই শ্রীলঙ্কান পেসার। শ্রীলঙ্কা থেকে প্রথমে তিনি চেন্নাইয়ে পৌঁছবেন এবং সেখান থেকে দলের সঙ্গে যোগ দেবেন।
আইপিএল ২০২৬ মরশুমের শুরুটা অত্যন্ত হতাশাজনক কেটেছে কেকেআরের। তাই ২৩ বছর বয়সী এই পেসারের দ্রুত প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে দল।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে চোট পাওয়ার কারণে পাথিরানার এনওসি আটকে দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দুর্দান্ত ছন্দে বোলিং করলেও কাফ ইনজুরির জন্য তাঁকে মাঝপথেই ছিটকে যেতে হয়। তবে এখন এনওসি মেলায় ধরে নেওয়া হচ্ছে, তিনি পুরোপুরি ফিট এবং কেকেআরের হয়ে মাঠে নামতে প্রস্তুত।
নিলামে ১৮ কোটি টাকায় কেকেআর তাঁকে দলে নিয়েছিল। তাঁকে দলের প্রধান পেসার হিসেবে ভাবা হচ্ছিল। কিন্তু চোটের কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। পাশাপাশি দলের আরও দুই তারকা পেসার হর্ষিত রানা এবং আকাশ দীপও চোটের কারণে ছিটকে গিয়েছেন আইপিএল থেকে।
অজিঙ্ক রাহানের নেতৃত্বে কেকেআর এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি। চার ম্যাচে তিনটি হার ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে রয়েছে দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও শুরুতে ব্যাট করতে নেমে দু’উইকেট হারিয়ে চাপে ছিল কলকাতা।
এখনও পর্যন্ত কেকেআরের বোলিং বিভাগই সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পেসারদের চোটের পাশাপাশি স্পিন জুটি বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনও আগের মতো প্রভাব ফেলতে পারছেন না।
এই পরিস্থিতিতে পাথিরানার যোগদান কেকেআরের পেস আক্রমণে বড় শক্তি জোগাবে। এতদিন জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানিকে বিদেশি পেসার হিসেবে ব্যবহার করছিল দল। তাছাড়া, ক্যামেরন গ্রিনও হাত ঘোরানোর ছাড়পত্র পেয়েছেন।
প্রায় ১৫০ কিমি গতিতে নিখুঁত ইয়র্কার করার ক্ষমতা রয়েছে পাথিরানার। আইপিএলে ৩২ ম্যাচে ৪৭টি উইকেট নিয়েছেন তিনি। এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন শ্রীলঙ্কান তারকা। ২০২৩ সালে ১২ ম্যাচে ১৯টি উইকেট নিয়ে দলকে চ্যাম্পিয়ন করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।















