স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হওয়ার আশঙ্কা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জানিয়েছে, সাইবার নিরাপত্তা সংক্রান্ত একটি ঘটনার প্রাথমিক তদন্তে ৩,৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে যাওয়ার সম্ভাবনা চিহ্নিত করা হয়েছে।
2
11
ডার্ক ওয়েবে পাওয়া বিপুল সংখ্যক রেকর্ড খতিয়ে দেখার পর এই তথ্য সামনে এসেছে। তবে এই ঘটনার জেরে ব্যাঙ্কের মূল ব্যাঙ্কিং পরিষেবা, আর্থিক কর্মক্ষমতা কিংবা দৈনন্দিন ব্যবসায়িক কাজে উল্লেখযোগ্য প্রভাব পড়েনি বলে জানিয়েছে SBI।
3
11
স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া বিবৃতিতে ব্যাঙ্ক জানিয়েছে, গত ১৬ অক্টোবর থ্রেট ইন্টেলিজেন্স পরিষেবা প্রদানকারী সংস্থা, ডিফেন্স সাইবার এজেন্সি এবং ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের কাছ থেকে গ্রাহকদের তথ্য ফাঁসের সম্ভাবনা সম্পর্কে সতর্কবার্তা পায় তারা। এরপর বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
4
11
প্রাথমিক বিশ্লেষণে ডার্ক ওয়েবে পাওয়া প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার রেকর্ড পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩,৮৯৭টি রেকর্ডে গ্রাহকদের ব্যক্তিগতভাবে শনাক্ত করা সম্ভব, এমন তথ্য বা পার্সোনালি আইডেন্টিফায়েবল ইনফরমেশন থাকার বিষয়টি সামনে এসেছে।
5
11
SBI-এর বিবৃতি অনুযায়ী, সন্দেহজনকভাবে প্রকাশ্যে চলে যাওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের ব্যাঙ্কে নথিভুক্ত মোবাইল নম্বর, জন্মতারিখ, নাম, লিঙ্গ, ই-মেল ঠিকানা এবং বাড়ির ঠিকানা।
6
11
পাশাপাশি, সংশ্লিষ্ট রেকর্ডগুলিতে ব্যাঙ্কের শাখার তথ্য, গ্রাহকদের কাস্টমার ইনফরমেশন ফাইল নম্বর, লিড আইডি এবং ঋণ সংক্রান্ত তথ্য ও বিভিন্ন লিড রেকর্ডের সঙ্গে যুক্ত মেটাডেটাও রয়েছে বলে জানা গিয়েছে।
7
11
তবে ফাঁস হওয়া তথ্যের সত্যতা, সম্পূর্ণতা এবং সম্ভাব্য উৎস সম্পর্কে এখনও বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে ব্যাঙ্ক। গ্রাহকদের কতটা ঝুঁকি রয়েছে, তা নির্ধারণ করাও এই তদন্তের অন্যতম উদ্দেশ্য।
8
11
এই সাইবার ঘটনার জেরে SBI-এর মূল ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হয়নি বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ। ব্যাঙ্ক জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার পরই সাইবার নিরাপত্তা সংক্রান্ত জরুরি পদক্ষেপ এবং তথ্যের বিস্তার রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রযোজ্য নিয়ন্ত্রক বিধি মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে।
9
11
এর আগে ইন্ডিয়া টুডে টেক-এর প্রতিবেদনে বলা হয়েছিল, Siriusim নামে একটি অজ্ঞাতপরিচয় হ্যাকার গোষ্ঠী BreachForums নামের একটি ডার্ক ওয়েব ফোরামে SBI-এর প্রায় ৩.৭৫ লক্ষ গ্রাহকের তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছিল। যদিও এই ঘটনার সঙ্গে ওই গোষ্ঠীর কোনও যোগ রয়েছে কি না, তা SBI নিশ্চিত করেনি।
10
11
প্রসঙ্গত, ব্যাঙ্কিং ক্ষেত্রে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এর আগে জুলাই মাসে ব্যাঙ্ক অফ বরোদাও তথ্য ফাঁসের ঘটনা স্বীকার করেছিল, যেখানে প্রায় ১ টেরাবাইট গ্রাহক-তথ্য প্রকাশ্যে চলে যাওয়ার অভিযোগ উঠেছিল।
11
11
ফলে SBI-এর সাম্প্রতিক ঘটনা দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় গ্রাহকদের তথ্য সুরক্ষার বিষয়টিকে ফের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এবার ব্যাঙ্কের পরবর্তী পদক্ষেপ কোন দিকে যাবে সেটাই দেখার।