আজকাল ওয়েবডেস্ক: আইপিএল দারুণ এক মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। রাজস্থান রয়্যালসের জয়ের পিছনে অবদান রেখেছেন
রবীন্দ্র জাদেজা। 'ম্যান অফ দ্য ম্যাচ' হন তিনি। সেই পুরস্কার জাদেজা উৎসর্গ করলেন তাঁর স্ত্রী রিভাবা জাদেজাকে।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন জাদেজা। সেই সময়ে রাজস্থানের রান ৫ উইকেটে ৭৭। জাদেজা শেষ পর্যন্ত ৪৩ রানে অপরাজিত থেকে যান। রাজস্থানের ইনিংসকে নির্ভরতা দেন। বল হাতেও কার্যকর ভূমিকা নেন। নিকোলাস পুরানকে ফিরিয়ে দিয়ে বিপজ্জনক জুটি ভাঙেন।
ম্যাচ শেষে পুরস্কার গ্রহণের সময়ে জাদেজা জানান, আগের দিনই তাঁর স্ত্রী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তিনি ম্যাচে ভালো করবেন। সেই কথার উল্লেখ করে জাদেজা বলেন, এই সম্মান তিনি তাঁর স্ত্রীকেই উৎসর্গ করছেন। জাদেজা বলেন, ''ম্যান অফ দ্য ম্যাচ হওয়ায় ভাল লাগছে। গুজরাটের শিক্ষামন্ত্রীকে এই পুরস্কার উৎসর্গ করছি। গতকাল বলেছিল আমি ভাল করব। আমি পারফর্ম করেছি। ব্যাট করার মতো উইকেট ছিল না। বল পড়ে সিমের পাশাপাশি সুইং করছিল। যতক্ষণ পারব, ততক্ষণ খেলব, এমন চিন্তাভাবনাই কাজ করছিল। টি-টোয়েন্টিতে শেষ ওভার পর্যন্ত সম্ভাবনা থেকে যায়।''
জাদেজার ৪৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ওঠে ইমপ্যাক্ট প্লেয়ার শুভম দুবের সঙ্গে। ১১ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন দুবে। মহম্মদ সামি, মহসিন খান, প্রিন্স যাদব দু'টি করে উইকেট নেন।
১৫৯ রানের পুঁজি হাতে নিয়ে বল করতে নেমে রাজস্থান বোলাররা শুরু থেকেই চাপ বজায় রাখেন। জোফ্রা আর্চার, বার্গার ও ব্রিজেশ শর্মা দু'টি করে উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ও রবি বিষ্ণোই একটি করে উইকেট নেন।
শেষ পর্যন্ত ১৮ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায় লখনউ। টানা চতুর্থ পরাজয়ের মুখ দেখল তারা। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজস্থান রয়্যালস।















