আজকাল ওয়েবডেস্ক: পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন তিনি। সেই তাঁর মধ্যেই অধিনায়কের গুণাবলী দেখতে পাচ্ছেন দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। 

তাঁকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে গড়ে তুলুক কলকাতা, এমন পরামর্শই দিচ্ছেন ন্যাটওয়েস্ট ট্রফির তারকা। 

আট বছর ধরে কেকেআর শিবিরে রয়েছেন রিঙ্কু সিং। কাইফ মনে করছেন নাইট শিবিরের তিনিই ভবিষ্যতের অধিনায়ক। 

কাইফ ইউটিউব চ্যানেলে বলেছেন, ''টেস্ট স্কোয়াডের অংশ নয় রিঙ্কু। কিন্তু সব ফরম্যাটেই রিঙ্কু কিন্তু কার্যকরী ব্যাটিং করতে পারে। আমি উত্তর প্রদেশের। আমি জানি রাজ্য দলের হয়ে ও কী করেছে। অনেক ব্যাটার রান করেছে কিন্তু রিঙ্কুর রানে দল জিতেছে। উত্তর প্রদেশ দলকে সব ফরম্যাটে নেতৃত্ব দিয়েছে রিঙ্কু। ওর ভূমিকার জন্য তৈরি।'' 

অজিঙ্ক রাহানেকে নিয়ে গতবার থেকেই প্রশ্ন উঠেছিল। এবারও হয়তো তিনি দলের নেতা। কিন্তু পরবর্তী নেতা কে? কাইফ বলছেন, ''রিঙ্কু পুরোদস্তুর তৈরি। রাহানের মেয়াদ শেষ হলে রিঙ্কুকে কি পুরোদস্তুর দায়িত্ব দেওয়া হবে, সেটাই দেখার। মরশুমের মাঝপথে কেকেআর কি রিঙ্কুকে ক্যাপ্টেন হিসেবে মর্যাদা দেবে নাকি ভাইস ক্যাপ্টেন করবে?'' 

কেকেআরের ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে সম্পর্কে কাইফ বলছেন, তিনি স্পিন বোলিংয়ের বিরুদ্ধে সড়গড় নন। বিরাট কোহলির কাছ থেকে প্রেরণা নিতে বলছেন রাহানে। কেরিয়ারের গোড়ার দিকে কোহলিকেও একই সমস্যায় পড়তে হয়েছিল। কিন্তু টেকনিক্যালি কিছু পরিবর্তন এনে সমালোচকদের মুখ বন্ধ করে দেন কোহলি। 

২৯ মার্চ কেকেআরের প্রথম ম্যাচ মুম্বইয়ের সঙ্গে।