আজকাল ওয়েবডেস্ক: ছোট্ট বৈভব সূর্যবংশীর ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ধরা দিচ্ছে।
এতদিন তিনি সমবয়সী বা তাঁর সমসাময়িকদের বিরুদ্ধে ঝড় তুলেছেন, সেঞ্চুরি হাঁকিয়েছেন। কিন্তু জশপ্রীত বুমরাহর মতো এক চ্যাম্পিয়নকে তুলে ফেলেননি গ্যালারিতে।
আইপিএলের বৃত্তে দেখা গেল সেই দৃশ্যও। অভিজ্ঞতা কি হার মানল তারুণ্যের তেজের কাছে? এখনই হয়তো তার মূল্যায়ন করা সম্ভব নয়। তবে অভিজ্ঞতা আইপিএলের ময়দানে দাঁড়িয়ে দেখল, এক তরুণের তেজ ইতিহাসের দিক নির্দেশ করতে চলেছে।
তারুণ্য কেবল জানিয়ে দিল সে তৈরি। সাহসই আসলে রাজার আসনে প্রতিষ্ঠা করে একজনকে।
সূর্যবংশী ব্যাট হাতে ক্রিজে দাঁড়ানো মানে বোলারদের উপরে বাড়তে থাকে চাপ। এবারের আইপিএলে সেই দৃশ্যই বারংবার দেখা যাচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের মতো পাঁচবারের চ্যাম্পিয়ন দলকে মাটি ধরাল রাজস্থান রয়্যালস। তরুণ তুর্কি সূর্যবংশীর ব্যাটের তাণ্ডবে জশপ্রীত বুমরাহর মতো বোলারও বিরল ভুল করে বসেছেন।
সূর্যবংশীর খেলা দেখে মুগ্ধ প্রোটিয়া প্রাক্তন ডেল স্টেন বলছেন, প্রথম বলেই বুমরাহকে মিড অন দিয়ে ছক্কা মারে সূর্যবংশী। তখন থেকেই বোঝা যায় সূর্যবংশীর আগ্রাসী ভাবমূর্তি বোলারদের উপরে প্রভাব ফেলছে।
ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে স্টেন বলেছেন, ''আমার মনে হয়, বৈভব সেটাই করেছে। সত্যি বলতে, ও বোলারদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে যে ও তাদের বাউন্ডারি মারবেই।''
সূর্যবংশীর প্রভাবের কথা তুলে ধরে স্টেন আরও বলেন, বিশ্বের সেরা পেসারদের অন্যতম বুমরাহও যেন নিজেকে নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছিলেন এবং নিজের নির্ভুল লাইন-লেন্থে বল রাখতে পারেননি, যা তাঁর মতো বোলারের ক্ষেত্রে খুবই বিরল।
তিনি বলেন, ''বুমরাহর ওই ডেলিভারিটা ছিল একদম স্লটে। বুমরাহর কাছ থেকে এটা খুবই বিরল ব্যাপার। মানে, বুমরাহর মতো বোলারও মনে মনে ভাবতে শুরু করে দিয়েছে, ভুল করো না, কারণ ভুল করলে এই ছেলেটা ছক্কা মারবে।''
স্টেন-গান হিসেবে পরিচিত প্রোটিয়া প্রাক্তন আরও বলেন,''আমার মনে হয়, তুমি যদি এভাবে ভাবো, তাহলে বেশিরভাগ সময়ই তুমি ভুল করবে। ছক্কা হজম করার পর বুমরাহ একটু হাসল, যেন বলছে, আমি জানতাম, ভুল করলে এটাই হবে। এবং ঠিক সেটাই হয়েছে।''
স্টেনের মতে, সূর্যবংশী কাউকেই ভয় পায় না, আর তাঁর এই নির্ভীক মানসিকতাই পনেরো বছরের কিশোরকে বিপজ্জনক করে তুলেছে।
স্টেন বলছেন, ''এই ছেলেটা একেবারেই ভয় পায় না। বৈভবকে হাফ-ভলি দিলে, ও বল মাঠের বাইরে পাঠাবে। তাই সঠিক ও ভাল লেন্থে বল করো, তাহলেই হয়তো বৈভবকে আটকে রাখা যাবে। কিন্তু একটু ভুল করলেই বল সীমানার বাইরে যাবে। তুমি বুমরাহ হও বা সাধারণ কোনও বোলার—ব্যাপারটা একই হবে। এটাই দুর্দান্ত ব্যাটিং।''
মুম্বইয়ের বিরুদ্ধে ওপেন করতে নেমে যশস্বী জয়সওয়াল এবং সুর্যবংশী ৮০ রানের ঝোড়ো ওপেনিং জুটির উপর ভর করে রাজস্থান ভাল রান তোলে। মুম্বইকে হারায় রাজস্থান।
সুর্যবংশী মাত্র ১৪ বলে ৩৯ রান করেন। বুমরাহর বলে দুটো ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। অন্যদিকে, জয়সওয়াল ৩২ বলে অপরাজিত ৭৭ রান করেন। কিন্তু সব আলো যেন শুষে নেন বৈভব সূর্যবংশী।















