আজকাল ওয়েবডেস্ক:  টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর কেড়েছিলেন। ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফাস্ট বোলার সৌরভ নেত্রাভালকর। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ওভারে জেতে মার্কিন যুক্তরাষ্ট্র। সুপার ওভারে দুর্দান্ত বোলিং করেন সৌরভ।  

ভারতের বিরুদ্ধে রোহিত ও কোহলির উইকেট তুলে নেন ভারতে জন্ম হওয়া সৌরভ। কিন্তু আইপিএলের মেগা নিলামে তিনি অবিক্রিত থেকে যান। আশা করেছিলেন আইপিএলে দল পাবেন। সৌরভ বাস্তবের মাটিতে পা রেখে চলেন। তিনি বলেন, ''প্রথমত, নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়ায় কৃতজ্ঞতা জানাই। আমার ভিতরের শিশুটা মনে করছিল দল পাবে। কিন্তু দুর্দান্ত মানের খেলোয়াড়দের তালিকা থেকে আমাকে আর ডাকেনি কোনও দল। আমি বিষয়টা বুঝতে পারি।'' পেশায় তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 
৩৩ বছর বয়সি নেত্রাভালকর তাঁর কেরিয়ারের গোড়ার দিকে ভারতে অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতায় ক্রিকেট খেলেন। ২০১০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ তিনি খেলেন ভারতের হয়ে। ঘরোয়া ক্রিকেট তিনি মুম্বইয়ের হয়ে খেলতেন। পরবর্তীকালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ৫৬টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি খেলেন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬টি ম্যাচে ৬টি উইকেট নেন সৌরভ নেত্রাভালকর। প্রথম বার অংশ নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র সুপার এইটে পৌঁছেছিল।

বিশ্বকাপে ভাল পারফরম্যান্সের জন্যই আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন সৌরভ। এবার কোনও দল না পেলেও সৌরভ বলছেন, ''আমি আরও কঠিন পরিশ্রম করব। পরের বছর দারুণ ভাবে ফিরে আসব।''