আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। একাধিক ক্রিকেটার চোটের কারণে অনিশ্চিত থাকায় নির্বাচকদের মাথাব্যথা বেড়েছে। ২৮ জুলাই ভার্চুয়াল বৈঠকের পর দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।

জানা গিয়েছে, চোটের কারণে পেসার হর্ষিত রানা এবং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির নাম আলোচনাই হবে না নির্বাচনের জন্য। এছাড়া অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর প্রথম টেস্টে খেলতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। তাঁর দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ১৫ আগস্ট গলে শুরু হওয়া প্রথম টেস্টে তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ আগস্ট, কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে।

ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরাহকে ৩০ জুলাই পর্যন্ত বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। এরপর তিনি বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে যোগ দেবেন। অন্যদিকে, তিন নম্বর ব্যাটার সাই সুদর্শনও চোট থেকে সেরে উঠছেন। তবে তাঁর দলে অন্তর্ভুক্তি সম্পূর্ণভাবে ফিটনেস রিপোর্টের ওপর নির্ভর করবে। প্রয়োজনে দু'জনকেই ফিটনেস শর্তসাপেক্ষে দলে রাখা হতে পারে।

অন্যদিকে, অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার দলে প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত। তবে অভিষেক টেস্টেই সাত উইকেট নিয়ে নজর কেড়েছেন মানভ সুথার। ফলে হর্ষ দুবের জায়গা হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পেসার গুরনুর ব্রারও নির্বাচকদের নজরে রয়েছেন। শ্রীলঙ্কা 'এ' দলের বিরুদ্ধে ভারত 'এ'-এর হয়ে ১০ উইকেট নিয়ে নিজের দাবি জোরালো করেছেন তিনি। 
এছাড়া ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আকিব নবি দারও আলোচনায় রয়েছেন। 

টেস্ট সিরিজ শুরুর আগে ৭ আগস্ট থেকে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।