আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরু হতে দু'সপ্তাহও বাকি নেই। তার আগেই কোহলি ভক্তদের জন্য সুখবর। কর্ণাটক সরকারের থেকে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি পেয়ে গেল কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। স্টেডিয়ামের নিরাপত্তা পর্যবেক্ষণ করে দেখার জন্য বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হয়েছিল। কর্ণাটক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বৈঠকে বসেন কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা এবং বিশেষজ্ঞের কমিটি। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিনয় মৃত্যুঞ্জয়া জানান, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর চিন্নস্বামীতে খেলার অনুমতি দিয়েছে কর্ণাটক সরকার।
তিনি বলেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, সরকার চিন্নস্বামীতে আইপিএলের ম্যাচ খেলার অনুমতি দিয়েছে। আরসিবির প্রস্তাবিত চারটে ম্যাচই এখানে খেলা হবে। তবে নিরাপত্তাজনিত নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কথা মতো, স্টেডিয়ামের প্রথম পর্বের কাজ সম্পন্ন হয়েছে। যা দেখে খুশি বিশেষজ্ঞ কমিটি। পর্যবেক্ষণের পর ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে।' কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা জানান, প্রথম পর্বের কাজ পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞ কমিটি। ১৩ মার্চ পর্যবেক্ষণ হয়। খতিয়ে দেখার পর নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। স্টেডিয়ামের দর্শকসংখ্যা মোট ৩৩,০০০। পুরো স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া হয়। চুক্তি অনুযায়ী, শীঘ্রই স্টেডিয়াম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হস্তান্তর করে দেওয়া হবে। ক্লিয়ারেন্স পেয়ে যাওয়ায়, চিন্নস্বামীতে ম্যাচ আয়োজনে আর কোনও আপত্তি রইল না।
প্রসঙ্গত, গতবছর আইপিএল জয়ের পর বিরাট কোহলিদের সেলিব্রেশন দেখতে গিয়ে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ঘটে যায় বড় বিপত্তি। পদপিষ্ট হয়ে প্রাণ হারায় ১১জন ক্রিকেটভক্ত। পদপিষ্টের ঘটনার পর ক্রিকেট ফেরে চিন্নস্বামী স্টেডিয়ামে। তবে দর্শকদের কোনও প্রবেশাধিকার ছিল না। কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রতিযোগিতা কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল ট্রফির কয়েকটা খেলা হয় বেঙ্গালুরুর স্টেডিয়ামে। প্রাক মরশুম প্রতিযোগিতায় ১৬টি দল খেলে। টুর্নামেন্টের একটি সেমিফাইনাল এবং ফাইনাল সহ মোট ছ'টি ম্যাচ হয় চিন্নস্বামীতে। তবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলা হয়। দর্শকদের প্রবেশের অধিকার ছিল না। কর্ণাটকের একাধিক দলের পাশাপাশি খেলে মুম্বই, বিদর্ভ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, এবং ছত্তিশগড়ের দল।
