আজকাল ওয়েবডেস্ক: গ্লাসগোর একটি ভারতীয় রেস্তোরাঁর লোগোতে ভারতের ভুল মানচিত্র দেখানো নিয়ে আপত্তি জানানোর পর ক্ষমা চাইল কর্তৃপক্ষ। একইসঙ্গে দ্রুত লোগো পরিবর্তনের আশ্বাস দিয়েছে। ক্ষমা প্রার্থনার বিবৃতি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই রেস্তোরাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও মুছে ফেলা হয়। কিন্তু তড়িঘড়ি এই পরিবর্তন কেন? তার পেছনে লাভলিনা বরগোহাঁই। কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক সাফল্যের পর ভারতীয় বক্সিং দল গ্লাসগোর জনপ্রিয় রেস্তোরাঁ 'মিস্টার সিংস ইন্ডিয়া, দ্য হোম অব কারি'-তে নৈশভোজে গিয়েছিল। এবারের গেমসে ভারতীয় বক্সাররা মোট ১০টি পদক জিতেছেন, যার মধ্যে রয়েছে ৭টি সোনা এবং ৩টি রুপো।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভারতীয় বক্সার লাভলিনা বরগোহাঁই রেস্তোরাঁর একটি ন্যাপকিন তুলে ধরে দেখাচ্ছেন যে সেখানে আঁকা ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল অনুপস্থিত। তিনি জানান, রেস্তোরাঁর বাইরের সাইনবোর্ডেও একই ধরনের ভুল মানচিত্র ব্যবহার করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে লাভলিনা বলেন, 'দয়া করে আমার কথা ভুলভাবে নেবেন না। বিষয়টা আমাকে খুব কষ্ট দিয়েছে। ভারতের মানচিত্রে আমাদের উত্তর-পূর্বাঞ্চল নেই। বাইরে যে মানচিত্র লাগানো হয়েছে, সেখানেও উত্তর-পূর্ব অংশ বাদ দেওয়া হয়েছে। আমি উত্তর-পূর্ব ভারতের মানুষ। তাই বিষয়টা আমাদের খুব আঘাত করে। শুধু এইটুকুই বলতে চেয়েছিলাম। ভবিষ্যতে দয়া করে বিষয়টা মাথায় রাখবেন। ধন্যবাদ।'
এরপরই রেস্তোরাঁ কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে। বিবৃতিতে বলা হয়, 'গত প্রায় ৩২ বছর ধরে মিস্টার সিংস ইন্ডিয়া গর্বের সঙ্গে আমাদের ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরেছে। আমরা ভারতের ভুল মানচিত্র প্রদর্শনের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইছি। আমরা অবিলম্বে এই ভুল সংশোধনের ব্যবস্থা নেব। আমাদের উদ্দেশ্য কখনও কাউকে আঘাত করা নয়, বরং গর্বের সঙ্গে ভারতীয় দলকে সেবা করা।' রেস্তোরাঁর পক্ষ থেকে আরও জানানো হয়, 'আমরা সঠিক মানচিত্র ব্যবহার করে লোগো পরিবর্তন করব। কমনওয়েলথ গেমসে অসাধারণ সাফল্যের পর ভারতীয় দলকে আতিথেয়তা জানাতে পারা আমাদের জন্য বড় সম্মান এবং সৌভাগ্যের বিষয়। অ্যাথলিট এবং অতিথিরা সন্ধ্যাটা উপভোগ করেছেন এবং সেই স্মৃতি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।' এই ঘটনা সোস্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে।
















