আজকাল ওয়েবডেস্ক: প্রথমে রবিচন্দ্রন অশ্বিন। পরে রোহিত শর্মা। এবং সম্প্রতি বিরাট কোহলি। অশ্বিন ব্যাট-প্যাড তুলে রেখেছেন বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন। 

রোহিত শর্মা সরে গিয়েছেন টেস্ট ফরম্যাট থেকে। বিরাট কোহলিও লাল বলের ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। রোহিত ও কোহলির মতো দুই মহানক্ষত্রের  অবসরের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি ভারতীয় ক্রিকেট। একটা ঘোরের মধ্যে রয়েছে।  

এর মধ্যেই একটি হিন্দি দৈনিকের খবর, সম্পূর্ণ স্বায়ত্তশাসনের জন্য বোর্ডের কাছে আবেদন করেছেন গৌতম গম্ভীর। দলের উপরে তাঁর পূর্ণ প্রভাব থাকবে। তাঁর স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন করতে পারবেন না কেউই। এমনকী অধিনায়কও চ্য়ালেঞ্জ জানাতে পারবেন না গম্ভীরকে। 

রোহিত ও কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ায় এই ভারতীয় দল অপেক্ষাকৃত তরুণ। সিনিয়র বলতে রয়েছেন একমাত্র বুমরাহ। গম্ভীরের স্ট্র্যাটেজি নিয়ে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই এই দলে। 

নতুন ভারতের অধিনায়কের দৌড়ে শুভমান গিল এগিয়ে। গিলের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেওয়া হলেও তাঁকে কার্যত বিনা বিরোধিতায় গুরু গম্ভীরের কথা মেনে নিতে হবে।  একমাত্র বুমরাই এই দলে গুরু গম্ভীরের স্ট্র্যাটেজি নিয়ে মন্তব্য পেশ করতে পারেন। নিজের চিন্তাভাবনার কথা বলতে পারেন। 

তারকা প্রথার অবসান ঘটিয়েছেন গম্ভীর। ভবিষ্যতের দল তৈরির পথে এগোচ্ছেন তিনি। কতটা সফল হবেন, তা বলবে সময়।