আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে আবারও সূচি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং টেস্ট অধিনায়ক শুভমন গিল আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের সময়সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
আইপিএল ২০২৬ ফাইনাল শেষ হবে ৩১ মে। তার মাত্র ছয় দিনের ব্যবধানে ৬ জুন থেকে শুরু হবে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ।
সূত্রের খবর অনুযায়ী, এই ব্যস্ত সূচির কারণে খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিসিসিআইয়ের নির্বাচক কমিটি ইতিমধ্যেই বিকল্প পরিকল্পনা তৈরি করতে শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে। সম্ভাব্য স্কোয়াডে জায়গা পেতে পারেন ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা গুরনূর ব্রার, মানব সুতার, আকিব নবি, দেবদত্ত পাড়িকল-সহ কয়েকজন তরুণ ক্রিকেটার।
রিপোর্ট অনুযায়ী, জসপ্রীত বুমরাহ, শুভমন গিল, কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র খেলোয়াড়দের এই টেস্ট থেকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাও রয়েছে। কারণ এর পরেই রয়েছে একাধিক ওয়ানডে সিরিজ এবং ইংল্যান্ড সফরের মতো ব্যস্ত সূচি।
সূত্রের বক্তব্য অনুযায়ী, ''এই টেস্টে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নেই। তাই মূল লক্ষ্য হল গুরুত্বপূর্ণ সিরিজগুলোর জন্য খেলোয়াড়দের ফিট ও সতেজ রাখা। আইপিএলের পরপরই এত কম সময়ে টেস্ট খেলা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে।''
সূত্র অনুযায়ী, নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দের রোটেশন এবং মেডিকেল টিমের পরামর্শকে গুরুত্ব দেবে। বিশেষ করে এমন পরিস্থিতিতে, যেখানে এক মাসের মধ্যে খেলোয়াড়দের টি-টোয়েন্টি, টেস্ট এবং ওয়ানডে—তিন ফরম্যাটেই খেলতে হতে পারে।
সব মিলিয়ে আফগানিস্তান টেস্ট ঘিরে ভারতীয় দলে বড় ধরনের রোটেশন দেখা যেতে পারে। তরুণদের জন্য সুযোগ তৈরি হতে পারে, আর সিনিয়রদের রাখা হতে পারে বিশ্রামে।
















