আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্টে ভারতের জয়ের পর পারিবারিক কারণে দেশে ফিরেছিলেন গৌতম গম্ভীর। অ্যাডিলেডে দিন রাতের টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়ে গিয়েছেন ভারতীয় হেড কোচ। মঙ্গলবার সেখানে পৌঁছে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচেও বেঞ্চে দেখা যায়নি গম্ভীরকে। সদ্য পারথ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়েছে টিম ইন্ডিয়া।

 

 

পরবর্তী লক্ষ্য অ্যাডিলেডে গোলাপি বলে দিন রাতের টেস্ট জেতা। যা শুরু হবে আগামী ৬ ডিসেম্বর থেকে। উল্লেখ্য, অ্যাডিলেড টেস্টে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে ভারতীয় দলে। ইতিমধ্যেই, পারথ টেস্ট চলাকালীন দলে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। পারথে ম্যাচ চলাকালীন নেটে তাঁকে গোলাপি বলে ব্যাট করতেও দেখা গিয়েছে। আঙুলের চোট সারিয়ে সুস্থ হয়ে ওঠার কথা রয়েছে শুভমান গিলেরও। পারথে হারের পর অ্যাডিলেডে নতুন উদ্যমে নামবে অজিরা।

 

 

সেক্ষেত্রে স্টার্কদের সামলাতে কড়া অনুশীলন করবেন রোহিত-কোহলিরা। এই অ্যাডিলেডেই গত সফরে ৩৬ রানে অল আউট হয়েছিল ভারত। এবার সেখানেই জিতে সিরিজ জয়ের লক্ষ্যে একধাপ এগিয়ে যেতে মরিয়া ভারতীয় দল। প্রসঙ্গত, চার দিনেই পারথের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এবারের বিজিটিতে ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার লক্ষ্যেও একধাপ এগিয়ে গিয়েছেন রোহিতরা।