আজকাল ওয়েবডেস্ক:‌ গম্ভীরকে নাকি ভারতীয় ক্রিকেটে ‘‌ভিলেন’‌ বলা হয়। তাতে কীই বা যায় আসে টিম ইন্ডিয়ার হেড কোচের। এমনটাই মত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসির। 


ক্রিকেটার গম্ভীর দেশের হয়ে একটি টি–২০ বিশ্বকাপ ও একটি একদিনের বিশ্বকাপ জিতেছেন। দুটি ফাইনালেই দলের সর্বোচ্চ রান এসেছিল গম্ভীরের ব্যাট থেকে। অধিনায়ক গম্ভীর কলকাতাকে দু’‌বার আইপিএল চ্যাম্পিয়ন করেছে। আর একবার চ্যাম্পিয়ন করেছেন মেন্টর হিসেবে। টিম ইন্ডিয়ার কোচ গম্ভীরের সময় ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি–২০ বিশ্বকাপ জিতেছে। জিতেছে এশিয়া কাপও। 


তাই ডু প্লেসি মনে করেন, সমালোচকরা যাই বলুক না কেন গম্ভীর বেপরোয়াভাবে নিজের কাজ করে যান। তাঁর কথায়, ‘‌গম্ভীরকে নিয়ে আমার দৃষ্টিবঙ্গি বাকিদের থেকে অনেকটাই আলাদা। বিপক্ষ দলে খেলার সময় ও বরাবরই খলনায়ক। কিন্তু এই বিষয়টাকে সম্মান করতেই হবে। গম্ভীর খুব পজিটিভ। কেউ ওঁকে পছন্দ করে কিনা তা নিয়ে ও ভাবিতই নয়।’‌


এরপরই ডু প্লেসি যোগ করেছেন, ‘‌নেতা হিসেবে ওঁর ড্রেসিংরুমে একটা প্রভাব আছে। নেতা হিসেবে সে বিপক্ষকে হারাতে পছন্দ করে। তার জন্য ভিলেন হতেও প্রস্তুত। দিনের শেষে ফলটাই হল আসল।’‌


ডু প্লেসি আরও বলেছে, গম্ভীর যে দলের দায়িত্ব নেন, সেই দলের জন্য একটা টার্গেট স্থির করে দেন। এভাবেই কিন্তু গম্ভীর কেকেআরকে তৈরি করেছিল। তাঁর কথায়, ‘‌দলের সঙ্গে গম্ভীর কীভাবে কথা বলে এটা শেখার বিষয়। একজন ভাল নেতার সব গুণ গম্ভীরের মধ্যে রয়েছে। খেলার দিন থেকেই কিন্তু গম্ভীর এরকম। রেকর্ড দেখলেই সেটা বুঝতে পারবেন।’‌ 

এদিকে, আইপিএল শুরুর ঠিক আগে কিছুটা স্বস্তি। হর্ষিত রানার বদলি পেল কেকেআর। নাইট শিবিরে যোগ দিলেন নবদীপ সাইনি। প্রথম ম্যাচ খেলতে বুধবার মুম্বই পাড়ি দিয়েছে নাইটরা। দলের সঙ্গে যান সাইনি। আইপিএলে শুরুটা ভাল হয়েছিল ভারতীয় পেসারের। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সাফল্য পান। কিন্তু শেষ দু’‌তিন বছর খুব একটা ভাল যায়নি। শাহরুখ খানের দলে পুনর্জন্ম হল। সাইনি বলেন, ‘‌আমার খুব ভাল লাগছে। কলকাতা নাইট রাইডার্সে একটা আলাদা অনুভূতি আছে। তাই নাইট রাইডার হয়ে আমার ভাল লাগছে। বুধবার রাতে খবরটা শুনেছি। জানার পর আসল অনুভূতি টের পাচ্ছিলাম না। যেভাবে পরিশ্রম করছিলাম, আইপিএলের দলে সুযোগ পাওয়ার একটা আশা ছিল। জানতাম যেকোনো দিন হবে। ঈশ্বরের ওপর ভরসা ছিল।’‌