আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ভারতীয় দলের ক্রিকেটারদের মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকার বার্তা দিলেন গৌতম গম্ভীর। ১৫ আগস্ট গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু সিরিজের প্রথম টেস্ট। তার আগে বৃহস্পতিবার বিসিসিআইয়ের প্রকাশিত এক ভিডিওতে দলের উদ্দেশে উদ্বুদ্ধমূলক ভাষণ দেন গৌতি। বুধবার সকালে কলম্বোর এনসিসি মাঠে অনুশীলন শুরু করেছে ভারতীয় দল। ৭ থেকে ৯ আগস্ট একই মাঠে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শুভমন গিলের নেতৃত্বাধীন দল। এরপর গলে উড়ে যাবে টিম ইন্ডিয়া। সিরিজের দ্বিতীয়, তথা শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৭ আগস্ট কলম্বোয়।
দলের উদ্দেশে গম্ভীর বলেন, 'আমরা জানি আমাদের সামনে কী চ্যালেঞ্জ আছে এবং কীসের জন্য খেলতে নামছি। অনুশীলনে যত পরিশ্রমই করি না কেন, ১৫ আগস্ট সকালে ব্যাটিং এবং বোলিংয়ে প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। এখন থেকেই সব প্রস্তুতি নিখুঁতভাবে সারতে হবে।' বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত ৪৮.১৫০ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে ৪১.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কা। ফলে দুই দলের কাছেই এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন দলের নতুন সদস্যদেরও স্বাগত জানান টিম ইন্ডিয়ার কোচ। অফস্পিন অলরাউন্ডার সারাংশ জৈন এবং পেসার অকিব নাবিকে টেস্ট দলে সুযোগ পাওয়ার জন্য অভিনন্দন জানান।
গম্ভীর বলেন, 'সারাংশ, এখানে পৌঁছতে তুমি কঠোর পরিশ্রম করেছ। সুযোগ পেলে নিজের পরিবার এবং দেশকে গর্বিত করার চেষ্টা করবে। অকিব, গত মরশুমে তোমার পারফরম্যান্স অসাধারণ ছিল। জম্মু ও কাশ্মীরকে রঞ্জি ট্রফি জেতাতে তোমার বড় অবদান রয়েছে। তোমাকে অভিনন্দন।' এর পাশাপাশি সদ্য নিযুক্ত ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষকেও স্বাগত জানান গম্ভীর। বলেন, শুভদীপ দীর্ঘদিন ধরে বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন। তাঁর আবেগ এবং নিষ্ঠা দলকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমি নিশ্চিত, তাঁর অভিজ্ঞতা আমাদের লক্ষ্যে পৌঁছতে বড় ভূমিকা নেবে।' শ্রীলঙ্কা সফরে ভারতের লক্ষ্য শুধু সিরিজ জয় নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা। সেই লক্ষ্যেই শুরু থেকে এগোচ্ছে গম্ভীর।
















