আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু আইএসএল। যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে অভিযান শুরু করবে মোহনবাগান। একইসঙ্গে সবুজ মেরুন কোচ হিসেবে হাতেখড়ি হবে সার্জিও লোবেরার। খেতাব ধরে রাখার লড়াই শুরু হবে জেমি ম্যাকলারেন, জেসন কামিন্সদের। কলকাতায় চলছে টি-২০ বিশ্বকাপ। নিয়মিত ম্যাচ রয়েছে ইডেন গার্ডেনে। শনিবার, ভালবাসার দিন ক্রিকেটের নন্দনকাননে রয়েছে ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ। কিন্তু শহরের ক্রীড়াপ্রেমীদের মধ্যে মোহনবাগান ম্যাচ নিয়ে উৎসাহ তুলনামূলকভাবে বেশি। সবকিছু ছাপিয়ে যাচ্ছে ফুটবলের প্রতি ভালবাসা। এবার পরিস্থিতি একটু অন্যরকম হওয়ার টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। তবে শেষপর্যন্ত সমর্থকদের জন্য এল সুখবর। বৃহস্পতিবার সকালে মোহনবাগান-কেরল ব্লাস্টার্স ম্যাচের অনলাইন টিকিট রিডেমশন এবং অফলাইন টিকিট কোথা থেকে পাওয়া যাবে জানাল মোহনবাগান ক্লাব। 

১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস ২ এবং মোহনবাগান মাঠ থেকে টিকিট পাওয়া যাবে। ১৩ ফেব্রুয়ারি, অর্থাৎ শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত যুবভারতীর বক্স অফিস ২ এবং মোহনবাগান মাঠ থেকে টিকিট সংগ্রহ করতে পারবে সাপোর্টাররা। ১৪ ফেব্রুয়ারি, ম্যাচের দিন সকাল ১০টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত মোহনবাগান মাঠ থেকে টিকিট সংগ্রহ করা যাবে। তবে ম্যাচের দিন অনলাইন টিকিট রিডেমশন হবে না। ১২ এবং ১৩ ফেব্রুয়ারি শুধুমাত্র যুবভারতীর বক্স অফিস ২ থেকে অনলাইন টিকিট রিডেমশন হবে। 

আইএসএল ভালভাবে শুরু করা লক্ষ্য দিমিত্রি পেত্রাতোসের। সেরা খেলা উপহার দেওয়ার জন্য তৈরি বাগানের তারকা। পেত্রাতোস বলেন, 'পরিস্থিতি যাই হোক, আমরা নিজেদের সেরা ফুটবল খেলার জন্য তৈরি। আমাদের আইএসএলের শুরুটা ভাল করতে হবে। ডার্বি নিয়ে এখনই ভাবার সময় আসেনি।' যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে নতুন কোচের অধীনে প্রস্তুতি চলছে দিমিদের। টিকিটের পাশাপাশি কয়েকঘন্টা আগে আরও একটি ভাল খবর পায় ফুটবল ভক্তরা। আইএসএলের ম্যাচ যে ফ্যানকোডে দেখা যাবে সেটা আগেই জানা গিয়েছিল। তার জন্য ২৯৯ টাকার একটি সেজন পাস রাখা হয়েছে। কিন্তু টিভিতে আইএসএল সম্প্রচার করার চেষ্টা চালাচ্ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কারণ অনেকেই এখনও অনলাইনে খেলা দেখতে অভ্যস্ত নয়। অবশেষে সফল এআইএফএফ। সোনি স্পোর্টসে দেখা যাবে আইএসএল। চারটে ভাষায় হবে ধারাভাষ্য। শনিবার থেকেই খেলা দেখা যাবে টিভিতে এবং অনলাইন অ্যাপে।