আজকাল ওয়েবডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাকিস্তান সরকার রবিবার ঘোষণা করেছে যে তারা বিশ্বকাপে অংশ নেবে, কিন্তু গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না। এই সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হল, যখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে, কারণ বাংলাদেশ ভারতে ম্যাচ খেলতে অস্বীকার করেছিল নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, ২৪ ঘন্টায় অনেক কিছুই সম্ভব।
এবার পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচ না খেলে, তাহলে তা বিরাট বিপর্যয় বলে মনে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মনে করেন, পাকিস্তানের এহেন সিদ্ধান্ত ভারতের খুব বেশি ক্ষতি না করলেও আইসিসিকে বিশাল ক্ষতির মুখে পড়তে হবে।
এর আগে নিরাপত্তাজনিত আশঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশ খেলতে আসতে চায়নি ভারতের মাটিতে। আইসিসি-র সঙ্গে দড়ি টানাটানির পরে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়ে দেয়, বাংলাদেশ খেলতে না চাইলে তাদের পরিবর্তে অন্য দলকে নিয়ে বিশ্বকাপ হবে। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে ঢুকে যায় স্কটল্যান্ড। এবার পাকিস্তানও অন্য সুর তুলেছে।
রশিদ লতিফ এই বিশ্বকাপ বিতর্ক প্রসঙ্গে বলেছেন, ''ভারত ও পাকিস্তান দুই দেশই সম্মত হয়েছিল যে আগামী তিন বছর আমরা হাইব্রিড মডেলে খেলব। এভাবেই দুবাইয়ে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে। এমনকী শ্রীলঙ্কায় মহিলা ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের মহিলা দল খেলেছে। কিন্তু বাংলাদেশের ঘটনার পর থেকে দৃশ্যপট বদলে যেতে শুরু করে।''
লতিফের সংযোজন, পাকিস্তানের এই অনড় মনোভাব ভারতের উপরে নয়, সরাসরি আইসিসিকে আঘাত করবে।
সিদ্ধান্তটা পাকিস্তান ভেবেচিন্তেই নিয়েছে বলে মনে করেন রশিদ লতিফ। তিনি বলেন, ''পাকিস্তান সাধারণত এমন কঠোর সিদ্ধান্ত নেয় না। কিন্তু এবার পিসিবি কোনও নিষেধাজ্ঞার পরোয়াও করছে না। এর প্রভাব হবে সুদূরপ্রসারী।''
