আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ে খেলছে ভারত। তাই সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। বিশেষজ্ঞদের এহেন বক্তব্য শুনতে শুনতে ক্লান্ত সুনীল গাভাসকর। যে সব সমালোচক ভারতকে নিয়ে চর্চা করছেন তাঁদের একহাত নিয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। 

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনুসৃত হচ্ছে হাইব্রিড মডেল। ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাইয়ে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য দলগুলো বারংবার ভারতের এই সুবিধার কথাই বলে আসছে। এই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন ও নাসের হুসেন। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর বলছেন, ''ওঁরা সবাই জ্ঞানী এবং অভিজ্ঞ। তোমাদের দল কেন হারছে সেদিকে নজর নেই কেন তোমাদের? আমি তোমাদের এই প্রশ্নই করছি স্যর। ক্রমাগত ভারতের কথা না ভেবে নিজেদের উঠোনের দিকে দেখছ না কেন? তোমাদের দলের ছেলেদের মানসিক অবস্থা এমনই যে ওরা ফলাফলের উপরে জোরই দিচ্ছে না।'' 

গাভাসকর আরও বলেন, ''সব সময়ে ওরা দেখছি হা হুতাশ করছে। ভারত এটা করছে, ভারত ওটা করছে। এবার অগ্রাহ্য করার সময় এসেছে। ওদের হা হুতাশ করতে দাও। আরও অনেক জিনিস রয়েছে সে দিকে মন দেওয়া দরকার।'' 

নাম না করে আথারটন-নাসের হুসেনের মতো ধারাভাষ্যকারদের কষাঘাত করে সানি বলছেন, ''ভারতীয় ক্রিকেট কোন জায়গায় রয়েছে, সেটা ওদের ধারণাতেই নেই। টেলিভিশনের  সম্প্রচার স্বত্ব এবং মিডিয়া থেকে প্রাপ্ত অর্থের বড় ভূমিকা রয়েছে বিশ্ব বাজারে। ওদের বোঝা উচিত বিশ্বের ক্রিকেটে ভারতের যে অবদান তার উপরে নির্ভর করছে ওদের স্যালারি।'' 

বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান  শুরু করে ভারত। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকেও উড়িয়ে দেন টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রোহিত-কোহলিরা। রবিবারের ভারত-নিউজিল্যান্ড ম্যাচ সেই অর্থে নাম কা ওয়াস্তে হয়ে গিয়েছে। অবশ্য গ্রুপে প্রথম দুটি স্থানের নিরিখে বিচার করলে এই ম্যাচের গুরুত্ব রয়েছে। ভারতের এই দাপটের মধ্যে বিশেষজ্ঞদের হা হুতাশ সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে গাভাসকরের। তাই গর্জে উঠলেন সানি।