আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার বাবা উমেশচন্দ্র শুক্লা প্রয়াত। জানা গিয়েছে, শুক্রবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
জানা গিয়েছে, বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা ছিল লক্ষ্মীর বাবার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে প্রায় দিন পনেরো আগে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সবরকম চেষ্টা চালালেও শেষ পর্যন্ত আর তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গিয়েছে, ফুসফুসে গুরুতর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উমেশচন্দ্রবাবু। টানা ভেন্টিলেশনে ছিলেন। মাঝে একদিন ভেন্টিলেশন থেকে সরানো হলেও, সেদিন রাতেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পুনরায় ভেন্টিলেশনে রাখা হয়। ধীরে ধীরে শারীরিক পরিস্থিতি আরও জটিল হতে থাকে এবং নিউমোনিয়াও ধরা পড়ে। শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। এদিকে, লক্ষ্মীর বাবার মৃত্যু সংবাদ পেতেই প্রাক্তন সতীর্থ, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন মহলের ব্যক্তিত্বরা শোকপ্রকাশ করেছেন।
এটা ঘটনা, বাবার সঙ্গে লক্ষ্মীরতন শুক্লার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। বাবার মৃত্যুসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাংলার প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান কোচ লক্ষ্মীরতন শুক্লা।















