আজকাল ওয়েবডেস্ক:‌ ফুটবল ম্যাচ চলাকালীন গ্যালারিতে চলল এলোপাথাড়ি গুলি। গত সোমবার জামাইকায় ঘটে এই ঘটনা। প্রসঙ্গত, ওদিন জামাইকায় পালন করা হচ্ছিল ‘‌জাতীয় বীর দিবস’‌। অক্টোবরের তৃতীয় সোমবার এই দিনটা পালন করা হয়। আর সেদিনই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। স্থানীয় সময় রাত ৮টা নাগাদ জামাইকার রাজধানী কিংস্টনের প্লিসান্ট হাইটস অঞ্চলে একটি প্রীতি ফুটবল ম্যাচ চলছিল। অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন সেখানে। তখনই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা গেছে, বন্দুকবাজরা দর্শকদের মধ্যেই ছিলেন। আচমকা তারা গুলি চালাতে শুরু করে। যার ফলে মৃত্যু ঘটে ৫ জনের। তাঁদের মধ্যে ৪ জন পুরুষ এবং একজন মহিলা। আহত হয়েছেন অনেকেই। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনার জেরে ওই অঞ্চলে ৪৮ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে।


কেনই বা গুলি চালানোর ঘটনা ঘটল, তার তথ্যও জানানো হয়নি। তবে কিংস্টনের ওই অঞ্চলে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রায়ই ঘটে। গুলি চালানোর খবরও শোনা যায়। সেই থেকেই এই ঘটনা কিনা তা স্পষ্ট নয়। জামাইকার প্রধানমন্ত্রী ঘটনায় শোকপ্রকাশ করেছেন। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।