আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ম্যাচের একমাত্র গোলটি করে স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতালেন ফেরান তোরেস।

স্পেনের ১-০ গোলের জয়ে ম্যাচে দাঁড়াতেই পারল না আর্জেন্টিনা। গোটা ম্যাচে বোতলবন্দি হয়ে রইলেন মেসি। আর ফাইনালের জয়ের নায়ক? সেই ফেরান তোরেস খেলে গিয়েছেন ভারতে, খেলে গিয়েছেন সল্টলেক স্টেডিয়ামে।

২০১৭ সালের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতে এসে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ফেরান তোরেস। একার চেষ্টায় ফাইনালে তুলেছিলেন স্পেনকে। সেই ফেরান আজ স্পেনের হিরো।

১২৫ মিনিট ধরে স্পেনকে ধরতেই পারল না আর্জেন্টিনা। ফেরান তোরেসের গোলেই দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হল লা রোহা। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়া দিলেন বার্সেলোনা তারকা।

ফেরান বলেন, ‘শেষ পর্যন্ত এই গোলটা শুধু আমার নয়, স্পেনের ৪৭ মিলিয়ন মানুষের। ভাগ্যে লেখা ছিল, এই বিশ্বকাপ আমাদেরই জেতার কথা।’ ফাইনালে আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়া নিয়ে তিনি বলেন, ‘সব ফাইনালই কঠিন। আর প্রতিপক্ষে যখন লিওনেল মেসির মতো ফুটবলার থাকেন, তখন স্বাভাবিকভাবেই কিছুটা স্নায়ুর চাপ থাকে। কিন্তু আমরা নিজেদের খেলাতেই বিশ্বাস রেখেছিলাম এবং আবারও তা প্রমাণ করেছি।’

পুরো বিশ্বকাপ জুড়ে সমালোচনার মুখে পড়তে হলেও শেষ পর্যন্ত জয়ের নায়ক হওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড। তাঁর কথায়, ‘এই বিশ্বকাপে আমাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিন্তু ভাগ্যে যা লেখা থাকে, তাই হয়। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাকে সবসময় এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছেন। আমি বিশ্বাস করি, ঈশ্বর সেই মানুষকেই প্রাপ্য জিনিস দেন, যে তার যোগ্য।’

ম্যাচের শেষদিকে আর্জেন্টিনার রক্ষণাত্মক কৌশল প্রসঙ্গেও মন্তব্য করেন তোরেস। তিনি বলেন, ‘লাল কার্ডের পর আর্জেন্টিনা সেই ধরনের ফুটবলই খেলেছে। তবে আমি ধৈর্য হারাইনি, নিজের মনঃসংযোগ ধরে রেখেছিলাম। শেষ পর্যন্ত সেটাই আমাদের সাফল্য এনে দিয়েছে।’

অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের সেই একমাত্র গোলেই ইতিহাস গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতল স্পেন। মেসি যখন চোখের জলে মাঠ ছাড়লেন তখন ইয়ামালের মাথায় উঠল বিশ্বসেরার মুকুট।