আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফাইনাল মানেই শুধু ৯০ মিনিটের ফুটবল নয়, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের এক বর্ণাঢ্য উৎসবও। আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালকে ঘিরে এবার থাকছে একাধিক নতুনত্ব।
সমাপ্তি অনুষ্ঠান, বিশ্বকাপের ইতিহাসে প্রথম হাফটাইম শো, নতুন বিশেষ পুরস্কার এবং জমকালো ট্রফি, সব মিলিয়ে দিনটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। ফাইনাল শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে।
ভারতীয় সময় অনুযায়ী অনুষ্ঠান শুরু হবে রাত ১১টায়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন। এরপর মঞ্চে পারফর্ম করবেন রবি উইলিয়ামস, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হলিউড তারকা টম ক্রুজ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে যুক্ত হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো।
প্রায় ১১ মিনিটের এই বিশেষ পরিবেশনায় অংশ নেবেন ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। পুরো আয়োজনের তত্ত্বাবধানে থাকবেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
তবে মূল অনুষ্ঠান ১১ মিনিটের হলেও মঞ্চ তৈরি ও সরিয়ে নেওয়ার সময় মিলিয়ে বিরতি ২০ থেকে ২৫ মিনিট, এমনকি তারও বেশি দীর্ঘ হতে পারে। যদিও আন্তর্জাতিক ফুটবল সংস্থা আইএফএবির নিয়ম অনুযায়ী হাফটাইমের বিরতি সর্বোচ্চ ১৫ মিনিট হওয়ার কথা।
দীর্ঘ বিরতির কারণে দ্বিতীয়ার্ধ শুরুর আগে খেলোয়াড়দের অতিরিক্ত ওয়ার্মআপ করতে হতে পারে। এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচে আর্জেন্টিনা ফুটবলাররা নিজেদের জীবন দিয়ে দিয়েছেন।
পিছিয়ে পড়লেও শেষ ১০-১৫ মিনিটের একটা স্পেলে ঝড় তুলে কামব্যাক করেছে লা আলবিসেলেস্তে। আর এবার তাদের কাছে সুযোগ রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ৬৪ বছরের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়ার।
এবারের বিশ্বকাপের নক আউট থেকে প্রায় প্রতিটি ম্যাচেই আর্জেন্টিনা শেষ মুহূর্তে গিয়ে জিতেছে যে কারণে চাপে পড়ে গিয়েছেন সমর্থকরাও। তবে এদিন বিশ্বকাপ জিতলেই ইতিহাস গড়বেন মেসি। তার পাশাপাশি রেকর্ড ভাঙবেন আর্জেন্টিনাও।
কী সেই ৬৪ বছরের রেকর্ড?
এখনও পর্যন্ত মাত্র বিশ্বের মাত্র দুটি দল পরপর দু’বার বিশ্বকাপ জিতেছে। একটি ইতালি এবং অপরটি ব্রাজিল। সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে মেসিদের কাছে। ইতালি ১৯৩৪ এবং ১৯৩৮ সালে পরপর দু’বার বিশ্বকাপ জিতেছিল। সেই রেকর্ড ভেঙে ব্রাজিল ১৯৫৮ এবং ১৯৬২ সালে পরপর দু’বার বিশ্বকাপ জেতে। তারপর থেকে কোনও দল এই রেকর্ড ভাঙতে পারেনি। কিন্তু এদিন আর্জেন্টিনা জিতলেই ভেঙে যাবে ব্রাজিলের রেকর্ড।















