আজকাল ওয়েবডেস্ক: লিওনেল মেসির ৩৯-তম জন্মদিনে ৮ বছর বয়সি আর্জেন্টিনীয় খুদে ভক্ত মানু লিটভির লেখা একটি আবেগঘন চিঠি ঘিরে আলোড়ন তৈরি হয় পুরো আর্জেন্টিনায়। 

জনপ্রিয় স্ট্রিমিং অনুষ্ঠান ‘সেরিয়া ইনক্রিবল’-এ চিঠিটি পাঠ করা হলে তা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং অসংখ্য ফুটবলপ্রেমীর হৃদয় ছুঁয়ে যায়।

এবার মানুর জীবনে এক এক অবিশ্বাস্য অধ্যায়। আর্জেন্টিনার জনপ্রিয় তারকা দম্পতি পলা চ্যাভেজ ও পেড্রো আলফান্সো খুদে এই ভক্ত ও তার পরিবারকে এমন এক বিশেষ উপহার দিয়েছেন, যা তাদের কাছে ছিল স্বপ্নেরও বাইরে। 

তাঁরা আমন্ত্রণ পেয়েছেন স্টেডিয়ামের গ্যালারিতে বসে সরাসরি আর্জেন্টিনা জাতীয় দলকে সমর্থন জানানোর। 

স্ট্রিমিং স্টুডিওতে এই সুখবর ঘোষণার মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেনি মানু। চোখের জল মুছতে বাবা-মাকে জড়িয়ে ধরে মানু। 

মানুর এই যাত্রার সূচনা হয়েছিল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ওলগা’র স্টুডিওতে। মেসির উদ্দেশে লেখা একটি চিঠি জমা দেয় সে। সেই চিঠিতে মানু লেখে, সে নিজেও আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে ফুটবল খেলে এবং দেশের অধিনায়কের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর মানবিক দিকগুলোও তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করে।

চিঠিতে মানু লেখে, ''তোমার খেলার কৌশল তো বটেই, তবে একজন মানুষ হিসেবে তুমি যেমন, সেটাই আমার সবচেয়ে বেশি ভাল লাগে।''

 আর ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের মুহূর্ত স্মরণ করে মানু আরও লেখে, ''তুমি যখন বিশ্বকাপ জিতলে, তখন আমাদের মতোই কেঁদেছিলে। সেই কান্না আমাকে শিখিয়েছে যে বড় মানুষরাও আবেগী হন এবং পরিশ্রম করলে সাফল্য আসে।''

চিঠিটি দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। অসংখ্য মানুষ সেটি শেয়ার করে আশা প্রকাশ করে, যেন বার্তাটি কোনওভাবে পৌঁছে যায় মেসির কাছেও।

সব মিলিয়ে, যদিও মানু এখনও নিশ্চিত নয় তার প্রিয় হিরো মেসির সঙ্গে সরাসরি দেখা হবে কিনা, তবুও বিশ্বকাপের গ্যালারিতে বসে আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ তার জীবনে এনে দিয়েছে এক  অবিস্মরণীয় অধ্যায়।