আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্বপ্ন ভেঙে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল স্পেন। 

ম্যাচের একমাত্র গোলটি আসে নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে। ৯০-তম মিনিটে ফেরান তোরেসের বাড়ানো বল থেকে গোল করে স্পেনকে জয় এনে দেন আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনো। 

কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম। আগামী ১০ জুলাই এই ম্যাচের বল গড়াবে। 

 সিয়াটলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করেছে বেলজিয়াম। জোড়া গোল চার্লস ডি কেটেলারের। বাকি দুই গোল হান্স ভানাকেন এবং রোমেলু লুকাকুর। 

শেষ আটের লড়াইয়ে স্পেনের মুখোমুখি রেড ডেভিলসরা। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন অতীত। একাধিক নতুন ফুটবলার। পুরোনোদের মধ্যে ছিলেন কুর্তুয়া, কেভিন ডি ব্রুইন এবং রোমেলু লুকাকু। তারমধ্যে প্রথম একাদশে ছিলেন মাত্র বেলজিয়ামের তারকা গোলকিপার। বাকি দু'জন বেঞ্চে। বিশ্বকাপের মঞ্চে নতুন তারকার জন্ম হল। এদিন ম্যাচের নায়ক চার্লস ডি কেটেলার। 

অন্যদিকে, স্পেন বনাম পর্তুগালের লড়াইয়ে সবার নজর ছিল দুই প্রজন্মের দুই তারকার দিকে। 

একদিকে ভবিষ্যতের প্রতীক লামিন ইয়ামাল। অন্যদিকে অস্তগামী সূর্য রোনাল্ডো। ইয়ামাল বল পায়ে সাবলীল গতি তুললেন উইংয়ে। স্প্যানিশ আর্মাডারা কখনও কখনও পর্তুগালের রক্ষণে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিলেন।  কিন্তু পর্তুগিজ গোলকিপার দিয়েগো কোস্তা বুক চিতিয়ে লড়ে যাচ্ছিলেন। ড্যানি ওলমোদের বিষ শুষে নিচ্ছিলেন পর্তুগিজ গোলকিপার। শেষ পর্যন্ত অবশ্য হার মানতেই হল দিয়েগো কোস্তাকে। পরিবর্ত হিসেবে নেমে মেরিনো স্পেনকে নিয়ে গেলেন কোয়ার্টার ফাইনালে।