আজকাল ওয়েবডেস্ক: নরওয়ের বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ম্যাচে গোলের পাশাপাশি মাঠে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটল। আর সেই ঘটনায় জড়িয়ে পড়লেন নেইমার। পেনাল্টি থেকে গোল করার আগে ও পরে নরওয়ের গোলরক্ষক নিল্যান্ডের সঙ্গে তাঁর কথোপকথন ম্যাচে বাড়তি নাটকীয়তা যোগ করল।

ম্যাচের শেষ দিকে পেনাল্টি পায় ব্রাজিল। এর আগে ব্রুনো পেনাল্টি নষ্ট করেন। তাঁর শট থামিয়ে দেন নরওয়ের গোলকিপার। নেইমার পেনাল্টি মারতে এগিয়ে গেলে গোলরক্ষক তাঁকে মানসিকভাবে চাপে ফেলার চেষ্টা করেন। 

সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেইমার বারবার নিল্যান্ডকে জিজ্ঞাসা করেন, ''বলটা কোন দিকে মারব?” জবাবে আত্মবিশ্বাসী কণ্ঠে নরওয়ে গোলকিপার বলেন, “আমি বাঁচিয়ে দেব।''

তবে শেষ হাসি হাসেন নেইমারই। পেনাল্টি থেকে গোল করে গোলরক্ষকের দিকে ফিরে তিনি বলেন, ''আমার বিরুদ্ধে নয়! আমার বিরুদ্ধে নয়!'' বোঝাতে চান যে এই ধরনের মানসিক চাপ তাঁর উপর কাজ করবে না।

তবে ব্যক্তিগত সেই লড়াইয়ে জিতলেও দলকে রক্ষা করতে পারেননি নেইমার। হালান্ড জোড়া গোল করে ব্রাজিলের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। ফলে হেক্সার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে আসা ব্রাজিলকে ছিটকে যেতে হল খালি হাতে। 
এই মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল নেইমারের স্বপ্নের দৌড়। সেখানেই আজ থেমে গেলেন ব্রাজিলীয় জাদুকর। নেইমার বলেন, ''আমি চেষ্টা করেছি। আমার যাত্রা শুরু হয়েছিল মেটলাইফ স্টেডিয়াম থেকে, আর এখানেই শেষ হলো। এখন সবকিছুর সমাপ্তি।''