আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। কিন্তু হাইভোল্টেজ ফাইনালের আগে নতুন করে আলোচনায় উঠে এসেছে এমন এক তথ্য, যা জানলে অবাক হতেই হবে।

আজ যাঁকে আর্জেন্টিনা তথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে দেখা হয়, সেই লিওনেল মেসির একসময় স্পেনের জার্সিতেও আন্তর্জাতিক ফুটবল খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। তাহলে আজ আর ইয়ামাল বনাম মেসি দ্বৈরথ দেখা যেত না।

বিশ্ব ফুটবলের ইতিহাস পাল্টে যেত। শুনতে অবিশ্বাস্য লাগলেও, একসময় স্প্যানিশ ফুটবল ফেডারেশন মেসিকে নিজেদের জাতীয় দলে খেলানোর জন্য সবরকম চেষ্টা করেছিল।

তবে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি আর্জেন্টিনাকেই বেছে নেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোসারিও ছেড়ে বার্সেলোনায় চলে আসেন মেসি। তাঁর গ্রোথ হরমোনের চিকিৎসার দায়িত্ব নেয় বার্সেলোনা।

এরপর লা মাসিয়া অ্যাকাডেমিতেই তাঁর ফুটবল, বেড়ে ওঠা এবং বিশ্বসেরার পথে যাত্রা শুরু। পড়াশোনা, অনুশীলন এবং ফুটবল জীবনের প্রায় গোটা শৈশব স্পেনেই কাটিয়েছিলেন মেসি।

ফলে ফিফার নিয়ম অনুযায়ী, টানা পাঁচ বছর একটা দেশে বসবাস করলে সেই দেশের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ থাকায় স্পেনের জার্সি গায়ে চাপানোর সম্ভাবনাও তৈরি হয়েছিল।

স্পেনের প্রাক্তন যুব কোচ গিনেস মেলেন্দেজ এক সাক্ষাৎকারে জানান, প্রথমবার যখন তিনি মেসির খেলার ভিডিও দেখেছিলেন তখন তিনি তাঁর নামও ঠিক মত জানতেন না।

মেলেন্দেজ বলেন, ‘সত্যি বলতে, আমি ভেবেছিলাম ওর নাম লিওনার্দো। কারণ সবাই ওকে ‘লিও’ বলেই ডাকত।’ এই মন্তব্যই পরে ফুটবল ইতিহাসের অন্যতম বিখ্যাত ঘটনার অংশ হয়ে ওঠে।

স্পেনের প্রাক্তন বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে দেল বস্কে পরে স্বীকার করেছিলেন, মেসিকে স্পেনের হয়ে খেলানোর জন্য ফেডারেশন সবরকম ভাবে চেষ্টা করেছিল। তাঁর কথায়, ‘মেসিকে স্পেনের হয়ে খেলানোর জন্য আমরা সবরকম চেষ্টা করেছিলাম।’

অন্যদিকে, মেসিকে হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও। ইউরোপে থাকা স্কাউটদের রিপোর্টের ভিত্তিতে তারা বুঝতে পারে, দেরি করলে মেসিকে হারাতে হতে পারে।

তখনই উদ্যোগী হন আর্জেন্টিনার কিংবদন্তি কোচ হোসে পেকারম্যান। তিনি হুগো টোকাল্লি-সহ অন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত মেসিকে আর্জেন্টিনার যুব দলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেন।

শেষ পর্যন্ত মেসি আর্জেন্টিনাকেই বেছে নেন। এরপরের ইতিহাস সকলেরই জানা। কোপা আমেরিকা, ফাইনালিসিমা এবং বিশ্বকাপ তাঁর দখলে। গ্রেটেস্ট অফ অল টাইমের ক্ষেত্রে বিতর্কের কোনও জায়গা রাখেননি তিনি।

তবে প্রশ্ন আজও থেকে যায়, যদি মেসি স্পেনকে বেছে নিতেন? জাভি, ইনিয়েস্তা, মেসি ত্রয়ীকে নিয়ে স্পেন আরও দীর্ঘ সময় বিশ্ব ফুটবল শাসন করত? আন্তর্জাতিক ফুটবলের ইতিহাস যে পাল্টে যেত তাতে কোনও সন্দেহ নেই।

এই প্রশ্নের উত্তর কোনওদিন জানা যাবে না। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-স্পেন দ্বৈরথের আগে ফুটবল ইতিহাসের এই অজানা অধ্যায় ফের আলোচনার কেন্দ্রে।