আজকাল ওয়েবডেস্ক: শারীরিক ক্লান্তিই ছিল শেষ মুহূর্তের জয়সূচক গোলের মূল প্রেরণা। আইভরি কোস্টের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-র ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার এরলিং হালান্ড।

ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন জানান, ম্যাচের শেষদিকে তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে অতিরিক্ত ৩০ মিনিট খেলার কথা ভাবতেই পারছিলেন না। তাই যে কোনও মূল্যে নির্ধারিত সময়ের মধ্যেই গোল করে ম্যাচ শেষ করতে চেয়েছিলেন। 

ম্যাচ শেষে নরওয়ের মিডিয়া টিভি ২-কে হালান্ড বলেন, "আমি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই মনে হচ্ছিল, অতিরিক্ত সময়ে খেলতে পারব না। আমাদের গোল করতেই হবে।"

ম্যাচে প্রথমার্ধে আন্তোনিও নুসার গোলে এগিয়ে যায় নরওয়ে। তবে দ্বিতীয়ার্ধে আইভরি কোস্টের আমাদ দিয়ালো দুর্দান্ত একক দক্ষতায় সমতা ফেরান। নির্ধারিত সময়ের ৮৬ মিনিটে হালান্ড ২-১ করেন। 
এই জয়ে আইভরি কোস্টের ইতিহাসও থেমে যায়। নিজেদের প্রথম বিশ্বকাপ নকআউট ম্যাচ খেলতে নেমে শেষ পর্যন্ত বিদায় নিতে হয় আফ্রিকার দলটিকে।

?ref_src=twsrc%5Etfw">June 30, 2026

হালান্ডের এই গোল শুধু নরওয়েকে শেষ ষোলো নিশ্চিত করেনি, তাঁর হাতে তুলে দিয়েছে একাধিক অনন্য রেকর্ডের মালিকানাও। তিনি বিশ্বকাপে প্রথম তিনটি ম্যাচেই গোল করা গত ৭২ বছরের মধ্যে প্রথম ফুটবলার। এছাড়া নরওয়ের হয়ে টানা ১৩টি প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে গোল করার নজিরও গড়েছেন তিনি। ৫৩ আন্তর্জাতিক ম্যাচে এটি ছিল তাঁর ৬০ নম্বর গোল।

রাউন্ড অব ৩২ পেরিয়ে এখন নরওয়ের সামনে আরও কঠিন পরীক্ষা। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৫ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামার আগে হালান্ডকে দ্রুত ক্লান্তি কাটিয়ে উঠতে হবে।