আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফাইনালের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিরুদ্ধে খেতাব জয়ের লড়াইয়ে নামবে স্পেন। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কোচ লুইস দে লা ফুয়েন্তের দল।

সেমিফাইনালে জয়ের পর দুই দলই নিউ ইয়র্কে সময় কাটানোর সুযোগ পেয়েছে। অনুশীলন ও সংবাদমাধ্যমে ইন্টারভিউয়ের ব্যস্ততার ফাঁকে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে ফুটবলারদের।

এমনই এক মুহূর্তে আলোচনায় উঠে এসেছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। শুক্রবার নিউইয়র্কের বিখ্যাত স্নিকার্স স্টোর ‘ফ্লাইট ক্লাব’-এ দেখা যায় তাঁকে। পরে শহরের একটি স্ট্রিট ফুড স্টল থেকে হালাল খাবার খেতেও দেখা গিয়েছে তাঁকে। পুরো সময়জুড়ে নিরাপত্তাকর্মীরা তাঁকে ঘিরে ছিলেন।

তবে ইয়ামালের এই খাবার খাওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, ফাইনালের ঠিক আগে রাস্তার খাবার খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। কেউ কেউ মজা করে মন্তব্য করেন, “ফাইনালের আগে এটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়।” আবার একজন লেখেন, “আশা করি ওর ফুড পয়জনিং হবে না।” আরেকজনের মন্তব্য, “বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কের স্ট্রিট ফুড খাওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি।”

এবারের বিশ্বকাপে ইয়ামালের পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় কিছুটা ম্লান। সাত ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে একটি গোল ও একটি অ্যাসিস্ট। তবুও স্পেনের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন এই তরুণ ফুটবলার।

এখন স্পেনের সমর্থকদের একটাই প্রত্যাশা, ফাইনালের আগে ইয়ামাল যেন পুরোপুরি সুস্থ থাকেন এবং দলের হয়ে নিজের সেরাটা উজাড় করে দিতে পারেন।