আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে শুভেচ্ছা জানালেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা।

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে নাটকীয়ভাবে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান।

এরপর অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করে লা আলবিসেলেস্তে। একই সঙ্গে গোল্ডেন বুটের দৌড়েও অন্যতম দাবিদার রয়েছেন ৩৯ বছর বয়সী মেসি।

তাঁর সঙ্গে দৌড়ে রয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ফাইনালের আগে ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করে শাকিরা লেখেন, ‘লিও মেসি যা করছেন, তা সত্যিই অসাধারণ। তিনি দেখিয়ে দিচ্ছেন, একজন মানুষের পরিচয় তার বয়স বা অন্যের মন্তব্যে হয় না। হয় তাঁর অঙ্গীকার, শৃঙ্খলা এবং প্রতিকূলতাকে জয় করার মানসিকতায়।’

শুধু মেসির প্রশংসাই নয়, তাঁর স্ত্রী আন্তোনেলা রকুজ্জোকেও বিশেষ কৃতিত্ব দেন শাকিরা। তিনি লেখেন, ‘আমি জানি, আন্তোনেল্লার মতো একজন সঙ্গী পাশে থাকাই মেসিকে শক্তি ও অনুপ্রেরণা জোগায়, যাতে তিনি বারবার নিজেকে প্রমাণ করতে পারেন।’

শাকিরার এই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রকুজ্জো। উল্লেখ্য, মেসি তাঁর ছোটবেলার বান্ধবী আন্তোনেল্লার সঙ্গে ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তাঁদের তিন সন্তান রয়েছে। অন্যদিকে, সেমিফাইনালে জয়ের পর সমালোচকদেরও কড়া জবাব দিয়েছেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনা নাকি রেফারিংয়ের সুবিধা পাচ্ছে।

এমন অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘গত চার বছরে আমরাই সেরা দল। কারও ভাল লাগুক বা না লাগুক, তাতে কিছু যায় আসে না। আবারও আমরা বিশ্বের সেরা দুই দলের মধ্যে জায়গা করে নিয়েছি। এতে প্রমাণ হয়, আমাদের সাফল্য কোনও কাকতালীয় ঘটনা নয় এবং কেউ আমাদের কিছু উপহার দেয়নি।’ বিশ্বকাপের ফাইনালের আগে শাকিরার এই বার্তা এবং মেসির মন্তব্য ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উন্মাদনা।