আজকাল ওয়েবডেস্ক: কলম্বিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র। গ্রুপে রানার্স আপ হয়ে নক আউট পর্বের টিকিট নিশ্চিত করল পর্তুগাল। সেই  ড্র কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় ভাঙল। 

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেসি-রোনাল্ডোর লড়াই আর হচ্ছে না। 

‘কে’ গ্রুপের শীর্ষ দল হিসেবে কলম্বিয়া শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হবে ঘানার বিরুদ্ধে। তবে কলম্বিয়ার জায়গায় যদি পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হত, তাহলে মেসি-রোনাল্ডো লড়াই দেখাই যেত। আর্জেন্টিনা ও পর্তুগাল গ্রুপ সেরা হলে কোয়ার্টার ফাইনালেই দেখা হত দুই মহাতারকার। 

এখনও পর্যন্ত দুই মহাতারকা মুখোমুখি হয়েছেন ৩৬ বার। মেসি জিতেছেন ১৬ বার। রোনাল্ডো জিতেছেন ১১ বার। 

এবারের বিশ্বকাপে শেষবার দেখা হত দুই মহাতারকার। বিশ্বকাপটা দারুণ শুরু করেছেন মেসি। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক। অস্ট্রিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে দুই গোল করার পরে এদিন জর্ডনের বিরুদ্ধে এক গোল করেন মেসি। মেসি গোল করছেন। আর্জেন্টিনাও ছুটছে। 

কিন্তু মায়ামিতে ড্র করে বসে পর্তুগাল। কলম্বিয়া ও পর্তুগালের ম্যাচ গোলশূন্য ড্র হয়। ফলে রোনাল্ডোরা গ্রুপে দ্বিতীয় স্থান পায়। রাউন্ড অফ ৩২-তে পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। শেষ ১৬-তে পৌঁছলে পর্তুগালের প্রতিপক্ষ হতে পারে স্পেন। 
রাউন্ড অফ ৩২-তে আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে।
তবে ফাইনালে দুই মহাতারকার দেখা হতেই পারে। যদি কিন্তুর একটা হিসেব অবশ্য থাকছে। 

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও পর্তুগালের মুখোমুখি হওয়া অসম্ভব কিছু নয়, আর তা যদি হয় তাহলে বলাই যায় ফাইনাল জমে যাবে।