আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে চলছে চর্চা। অনেকেই বলছেন, মিশরের কাছ থেকে ডাকাতি করে ম্যাচ ছিনিয়ে নেওয়া হয়েছে। 

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি মিশরের প্রতি সমর্থন জানিয়েছেন। রেফারিং নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যে তিনি মন্তব্য করেন, মিশরকে ‘ডাকাতি করে’ হারানো হয়েছে। 

বুধবার নিউইয়র্কে ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ শীর্ষক একটি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন মামদানি। শহরের বাস পরিষেবার গতি ও মানোন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে তিনি হঠাৎই বিশ্বকাপের বিতর্কিত ম্যাচটির প্রসঙ্গ টেনে আনেন।

মেয়র বলেন, নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রীদের যাতায়াতে সময় বাঁচবে। সেই বাড়তি সময় মানুষ পরিবারকে দিতে পারবে, সন্তানদের সঙ্গে সময় কাটাতে পারবে এবং বন্ধুদের সঙ্গে আলোচনায় একমত হতে পারবে যে, ‘মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে।’

পরে তিনি রসিকতা করে বলেন, তাঁর হাতে যদি অতিরিক্ত সময় থাকে, তাহলে তিনি বারবার সেই ম্যাচের রিপ্লে দেখে বুঝতে চাইবেন, কীভাবে মিশরকে হারানো হল।

আর্জেন্টিনা-মিশর ম্যাচে একসময়ে মহম্মদ সালাহরা ২-০ গোলে এগিয়ে ছিল। শেষমেশ দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে আর্জেন্টিনা ৩-২-এ ম্যাচ জিতে নেয়। তার পর থেকেই রেফারিং নিয়ে শুরু হয় বিতর্ক। 

মিশরের একটি গোল ভিএআর পর্যালোচনার পর বাতিল করা হয়। আর্জেন্টিনার তৃতীয় গোলটি নিয়েও বিতর্ক রয়েছে। আর্জেন্টিনার পেনাল্টি বক্সে পড়ে যান মিশরের ক্যাপ্টেন সালাহ। অভিযোগ রেফারি এক্ষেত্রে ভিএআর পর্যালোচনা করেননি। সেটি করলে মিশরকে পেনাল্টি দেওয়া হত। উল্টে ডান দিক থেকে লাওতারো মার্টিনেজের সেন্টার থেকে এনজো ফার্নান্দেজ হেডে ৩-২ করেন। 

ম্যাচ শেষে মিশরের কোচ এবং কয়েকজন ফুটবলার রেফারির কঠোর সমালোচনা করেন। কেউ কেউ অভিযোগ করেন ম্যাচটা ফিক্সড ছিল। মিশরের রেফারি বর্ণবিদ্বেষের অভিযোগ আনেন। 
আর্জেন্টিনা-মিশর ম্যাচ শেষ হয়ে গেলেও তা নিয়ে আলোচনা চলছেই। 
মামদানির মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।