আজকাল ওয়েবডেস্ক: হাড্ডাহাড্ডি ম্যাচে জাপানকে হারাল ব্রাজিল। তবুও এই তারকা ব্রাজিলীয়কে নিয়ে তৈরি হয়েছে তীব্র সমালোচনা। পরের ম্যাচে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার জোরালো দাবি উঠেছে। 

হিউস্টনে অনুষ্ঠিত জাপানের বিরুদ্ধে ব্রাজিলের ২-১ গোলের কঠিন জয়ে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোল ব্রাজিলকে রক্ষা করে। তবে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন কোচ কার্লো অ্যানচেলোত্তি। ম্যাচে বেশ কিছু দুর্বলতা ধরা পড়ে, বিশেষ করে ডিফেন্সিভ লাইনে।

খেলার শেষে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন দানিলো। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য সমর্থক তাঁর পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। 

একজন সমর্থক লেখেন, ''দানিলো কীভাবে এখনও পেশাদার ফুটবল খেলছে, সেটা অবিশ্বাস্য।'' 

আরেকজন মন্তব্য করেন,''ব্রাজিলের স্টার্টিং একাদশে দানিলোকে রাখা একেবারেই উচিত নয়। আমরা ২০২২ সাল থেকেই একই কথা বলে আসছি।''

আরেকজন বলেন, ''এই ব্রাজিল দলে বয়সের ছাপ স্পষ্ট। ২০২৬ বিশ্বকাপে দানিলোকে নিয়ে খেলা কঠিন।''  
ম্যাচে পুরো ৯৯ মিনিটে দানিলো একাধিক ভুল করে বসেন। যার মধ্যে একটি ভুল সরাসরি গোলের পরিস্থিতি তৈরি করে। পাশাপাশি ফাউল করেন এবং বেশ কয়েকবার রক্ষণে তাঁকে দেখে অগোছালো মনে হয়েছে।'' 

পরিসংখ্যান বলছে, পাঁচটি ডুয়েলের মধ্যে মাত্র দু'টিতে জেতেন দানিলো। ডিফেন্সেও নজর কাড়েননি। আক্রমণেও কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেননি। ড্রিবল ঠিক মতো করতে পারেননি, ১২ বার বল নষ্ট করেছেন, লং বল ও ক্রসিংও ঠিক হয়নি।

সব মিলিয়ে, ব্রাজিল জিতলেও দানিলোর পারফরম্যান্স নিয়ে বিতর্ক  তৈরি হয়েছে। রাউন্ড অব ১৬-য়ে প্রথম একাদশে দানিলো থাকবেন কিনা সন্দেহ রয়েছে।