আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিল সমর্থকদের জন্য বড় সুখবর। চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরতে চলেছেন নেইমার। কার্লো অ্যানচেলোত্তি নিশ্চিত করেছেন, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে নেইমারকে দলে নেওয়া হবে।
হাইতির বিরুদ্ধে ৩-০ গোলের দাপুটে জয়ের পর সাংবাদিক বৈঠকে অ্যানচেলোত্তি নেইমারের দলে ফেরার বিষয়ে আশাবাদী। তিনি বলেন, ''নেইমার আগামিকাল একা অনুশীলন করবে। এরপর সোমবার দলের বাকি সদস্যদের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে।''
চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তাঁকে ছাড়া প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সেলেকাওরা।
১৭ মে-র পরে আর খেলেননি নেইমার। তাঁর ক্লাব স্যান্টোস জানায়, নেইমারের পেশিতে সামান্য ফোলাভাব দেখা গিয়েছে। চোটের পরও তাঁকে বিশ্বকাপ দলে রাখা হয়। এক সপ্তাহ পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন নেইমার। পরে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায়, তাঁর পেশির চোট গ্রেড-২ পর্যায়ের এবং সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ লাগবে। সেই সময় ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে।
চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও খুব বেশি ম্যাচ খেলতে পারেননি নেইমার। তবে যতবার মাঠে নেমেছেন, ততবারই নিজের গুরুত্ব প্রমাণ করেছেন। মাত্র ৪ ম্যাচে ২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩টি গোল। ফলে স্কটল্যান্ড ম্যাচে তাঁর প্রত্যাবর্তন ব্রাজিলের আক্রমণভাগকে শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে।
হাইতিকে হারানোর পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ‘সি’ গ্রুপের শীর্ষে এখন ব্রাজিল। সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো। অন্য ম্যাচে মরক্কো ১-০ ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে।
গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার গুরুত্ব সম্পর্কে অ্যানচেলোত্তিত বলেন, ''গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্বে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। তাই স্কটল্যান্ড ম্যাচের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিতে চাই। স্কটল্যান্ডের নিজস্ব কিছু শক্তি আছে, যা আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। তারা আজ মরক্কোর বিরুদ্ধেও সেটা দেখিয়েছে। তাই আমাদের শান্ত থাকতে হবে, মনোযোগ ধরে রাখতে হবে এবং নিজেদের আরও উন্নত করতে হবে।”
এখন ব্রাজিল সমর্থকদের নজরে স্কটল্যান্ড ম্যাচ। সব ঠিক থাকলে সেই ম্যাচেই নেইমারকে দেখতে পাবেন সমর্থকরা।















