আজকাল ওয়েবডেস্ক: মাঠের উত্তেজনা ছাপিয়ে এবার বিশ্বকাপের আবহ ছড়িয়ে পড়ল সংবাদমাধ্যমের অন্দরেও। ফ্রান্সের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে মরক্কো দলের সাংবাদিক বৈঠকে ঘটে গেল নজিরবিহীন ঘটনা।
দুই সাংবাদিকের বাগবিতণ্ডা মুহূর্তের মধ্যে হাতাহাতিতে গড়ায়, যার জেরে কিছু সময়ের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে মরক্কোর প্রি-ম্যাচ প্রেস কনফারেন্স। বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মরক্কোর তারকা ফুটবলার এবং রিয়াল মাদ্রিদের উইঙ্গার ব্রাহিম দিয়াজ।
তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মঞ্চে বসার পরই হঠাৎ পিছনের সারিতে দুই সাংবাদিকের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতিতে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষী এবং আয়োজকদের কর্মকর্তারা হস্তক্ষেপ করেন। দু’পক্ষকে আলাদা করে প্রেস কনফারেন্সে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয়।
এই ঘটনায় কিছুটা হতবাক হয়ে পড়েন ব্রাহিম দিয়াজও। পরে পরিস্থিতি শান্ত হলে হাসিমুখে তিনি বলেন, ‘প্রশ্নটাই ভুলে গিয়েছি!’ এরপর সাংবাদিক বৈঠক স্বাভাবিক ছন্দে ফিরে আসে এবং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মরক্কোর দুর্দান্ত বিশ্বকাপ অভিযান।
মহম্মদ ওয়াহবির কোচিংয়ে এবার টুর্নামেন্টে অন্যতম চমকপ্রদ দল হিসেবে উঠে এসেছে আটলাস লায়ন্স। গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে ড্র করার পর স্কটল্যান্ড, হাইতি এবং নেদারল্যান্ডসকে হারিয়ে নক-আউট পর্বে জায়গা করে নেয় তারা।
শেষ ষোলোয় কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে মরক্কো। কানাডার বিরুদ্ধে জয়ে দুটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেছিলেন ব্রাহিম দিয়াজ। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আমরা অসাধারণ মানসিকতার পরিচয় দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি আমরা কী করতে সক্ষম। সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। দলের প্রত্যেকেই এই ম্যাচে নিজেদের সেরাটা দিতে চায় এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে চাই।’
ফ্রান্সের বিরুদ্ধে এই কোয়ার্টার ফাইনাল ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি। তাই সেই হারের বদলা নেওয়ার বড় সুযোগ রয়েছে মরক্কোর কাছে। যদিও উল্টোদিকে থাকা ফ্রান্স এবারে গতবারের চেয়েও শক্তিশালী।
উসমান ডেম্বেলে, মাইকেল অলিসে এবং কিলিয়ান এমবাপ্পে সহ গোটা আক্রমণভাগ দুর্দান্ত ফর্মে। এমনকী, ফ্রান্সের রিজার্ভ বেঞ্জও যেকোনও প্রতিপক্ষকে কড়া টক্কর দেওয়ার ক্ষমতা রাখে।
আক্রমণভাগ ইতিমধ্যেই ৫ ম্যাচে ১৪ গোল করে টুর্নামেন্টে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের সতীর্থ হলেও মাঠে বন্ধুত্বের কোনও প্রভাব থাকবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্রাহিম দিয়াজ।
তাঁর কথায়, কিলিয়ান একজন অসাধারণ ফুটবলার। কিন্তু ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধুত্ব এবং পারস্পরিক সম্মান মাঠের বাইরে থাকবে। মরক্কোর জয়ের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেবেন বলে জানিয়েছেন ব্রাহিম।
















