আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে বড় অঘটন। পেনাল্টি শুট আউটে প্যারাগুয়ের কাছে হার মানল জার্মানি। যে জার্মানি হারার আগে হার মানতে রাজি নয়, সেই জার্মানদের কাছে বিশ্বকাপ শেষ হয়ে গেল। প্যারাগুয়ে রাউন্ড অফ ১৭-এর পাসপোর্ট পেয়ে গেল। 
ম্যাচ শেষে জার্মানির কোচ জুলিয়েন নাগলসমান সরাসরি স্বীকার করে নেন, দলের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং বিশ্বমঞ্চে জার্মানি আর আগের মতো প্রথম শ্রেণির দল নয়। 

নাগলসম্যান বলেন, ''প্রথম পর্বের পরই বিদায় নিলে সেটা জার্মান ফুটবলের জন্য ভাল বিজ্ঞাপন নয়। টানা তৃতীয়বারের মতো দ্রুত বিদায়, তাই আমরা আর প্রথম শ্রেণির দলগুলোর মধ্যে নেই। আমি হতাশ।''

জার্মানির এই বিপর্যয়ের পরে কি  কোচ হিসেবে দায়িত্ব ছাড়বেন নাগলসম্যান? তিনি জানিয়ে দেন, কোচের চেয়ার থেকে সরে দাঁড়ানোর কোনও ইচ্ছা নেই তাঁর। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন যদি তাঁকে সুযোগ দেয়, তাহলে তিনি দায়িত্ব চালিয়ে যেতে প্রস্তুত।

নাগলসম্যান আরও বলেন, ''ডিএফবি চাইলে আমি থাকব। অনেকেই হয়তো আমার বিরুদ্ধে, কিন্তু বোর্ড চাইলে আমি কাজ চালিয়ে যেতে প্রস্তুত। আমি আমার যুক্তি তুলে ধরব।''

জনমত তাঁর বিরুদ্ধে যেতে পারে বলেও স্বীকার করে নেন জার্মান কোচ। তিনি বলেন, ''আজ যদি সার্ভে করা হয়, মানুষ আমার সম্পর্কে ইতিবাচক কথা বলবে না। আমরা এই টুর্নামেন্টে খুব বেশি কিছু করতে পারিনি।''

তবুও দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার মানুষ নাগলসম্যান নন বলে জানান। 
অন্যদিকে, ঐতিহাসিক জয় তুলে নেয় প্যারাগুয়ে। ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী জার্মানি ১০ নম্বরে ও প্যারাগুয়ে ৪১ নম্বরে। দুই দলের মধ্যে ৩১ ধাপের ব্যবধান। তবুও মাঠের লড়াইয়ে জার্মানিকে মাটি ধরাল প্যারাগুয়ে।