আজকাল ওয়েবডেস্ক: প্যারাগুয়েকে কঠিন লড়াইয়ে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স।
ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। তাঁর মতে, ফ্রান্স শুধু দৃষ্টিনন্দন আক্রমণাত্মক ফুটবলই খেলতে পারে না, প্রয়োজনে শারীরিক ও কঠিন লড়াইয়েও প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে।
সাংবাদিক বৈঠকে এমবাপে বলেন, ''প্রয়োজনে যদি নোংরা ফুটবল খেলতে হয়, হাত ময়লা করতে হয়, সেটাও করব। প্যারাগুয়ে ভেবেছিল আমরা সুন্দর ফুটবল খেলতে আসব, ছোট ছোট পাসে আক্রমণ গড়ব। কিন্তু আমরাও নোংরা ফুটবল খেলতে জানি। আজ সেটাই করেছি এবং সেই ধরনের ম্যাচেও আমরা প্যারাগুয়ের চেয়ে ভাল ছিলাম।"
নক আউট ম্যাচে শুরু থেকেই শারীরিক ফুটবল খেলার চেষ্টা করে প্যারাগুয়ে। বারবার ফ্রান্সের ছন্দ নষ্ট করার পাশাপাশি খেলোয়াড়দের উসকে দেওয়ারও চেষ্টা চালায় তারা। তবে এমবাপে জানান, এমন ম্যাচের জন্য আগেই প্রস্তুত ছিল ফরাসি দল।
ফ্রান্সের অধিনায়ক বলেন, "আমরা জানতাম কী ধরনের ম্যাচ অপেক্ষা করছে। আজ আমরা দেখিয়েছি, আমরা শুধু আক্রমণাত্মক ফুটবল খেলতে জানি এমন দল নই।''
ম্যাচের শেষ দিকে প্যারাগুয়ে অতিরিক্ত আগ্রাসী হয়ে ওঠে। তা নিয়ে এমবাপে বলেন, ''এটাই ওদের ফুটবল, এভাবেই ওরা খেলে। প্রত্যেক দল নিজেদের সামর্থ্য অনুযায়ী লড়াই করে। ফুটবলে সঠিক বা ভুল কোনও পদ্ধতি নেই, জয়ের পথই একমাত্র লক্ষ্য। প্যারাগুয়ে তাদের মতো করে আমাদের হারাতে চেয়েছিল, কিন্তু আমরা তাদের নিজেদের খেলাতেই হারিয়েছি।''
টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। ম্যাচটি হবে এমবাপের ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন পিএসজি সতীর্থ হাকিমির বিরুদ্ধে।
হাকিমিকে নিয়ে এমবাপে বলেন, "মনে হয় হাকিমি ইতিমধ্যেই আমাকে মেসেজ করেছে, যদিও এখনও আমার দেখা হয়নি। মরক্কো খুবই ভাল দল। ওদের বিরুদ্ধে খেলতে আমরা মুখিয়ে আছি।''
কোয়ার্টার ফাইনালের আগে আত্মবিশ্বাসী ফ্রান্স। এমবাপে বলছেন, ম্যাচ যেমনই হোক, জয়ের জন্য প্রয়োজনীয় যে কোনও ধরনের ফুটবল খেলতে প্রস্তুত দিদিয়ের দেশঁর ছেলেরা।















