আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামবে জার্মানি। সেই ম্যাচে দলের সমর্থকদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছেন অধিনায়ক জোশুয়া কিমিখ ও তাঁর সতীর্থরা। 

যাতায়াতের খরচের কারণে ৬০০ জন জার্মান সমর্থককে নিউইয়র্ক থেকে নিউ জার্সির স্টেডিয়ামে যাওয়া-আসার খরচ নিজেদের উদ্যোগে বহন করার সিদ্ধান্ত নিয়েছেন খেলোয়াড়রা।

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৫ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জার্মানির শেষ গ্রুপ ম্যাচ। সাধারণত নিউইয়র্ক শহরের কেন্দ্র থেকে স্টেডিয়াম পর্যন্ত ট্রেনভাড়া প্রায় ১২.৯০ মার্কিন ডলার হলেও টুর্নামেন্ট উপলক্ষে তা বাড়িয়ে ১৫০ ডলার করা হয়েছিল। পরে সমালোচনার মুখে ভাড়া কমিয়ে ৯৮ ডলার নির্ধারণ করা হয়।

একইভাবে, শাটল বাসের টিকিটের দাম প্রথমে ৮০ ডলার রাখা হলেও পরে তা কমিয়ে ২০ ডলারে নামানো হয়। নিউ জার্সির গভর্নরের দাবি, সমর্থকদের যাতায়াত ব্যয় বেশি হওয়ার পেছনে ফিফার ভর্তুকি না দেওয়ার সিদ্ধান্তই মূল কারণ।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) এক বিবৃতিতে জানিয়েছে, নিউইয়র্কে বিশ্বকাপ চলাকালে পরিবহন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জাতীয় দলের খেলোয়াড়রাই ৬০০ সমর্থকের জন্য বিনামূল্যে বাসের ব্যবস্থা করেছেন।

ডিএফবির বিবৃতিতে বলা হয়, “নিউইয়র্কে বিশ্বকাপ চলাকালে বাস ও ট্রেন ভাড়ার উচ্চমূল্যের বিষয়টি বিবেচনায় নিয়ে জার্মান জাতীয় দলের খেলোয়াড়রা শেষ গ্রুপ ম্যাচে ৬০০ সমর্থকের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছেন। অধিনায়ক জোশুয়া কিমিখ এবং তাঁর সতীর্থরা নিউইয়র্ক থেকে নিউ জার্সির স্টেডিয়াম পর্যন্ত বাসের সমস্ত খরচ বহন করবেন।”

উল্লেখ্য, এর আগে রাশিয়া ও কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপগুলোতে সমর্থকরা ম্যাচ ভেন্যু ও ফ্যান জোনে যাওয়ার জন্য বিনামূল্যে গণপরিবহন সুবিধা পেয়েছিলেন। যুক্তরাষ্ট্রও শুরুতে আয়োজক হিসেবে একই ধরনের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে ২০২৩ সালে চুক্তি সংশোধনের পর সেই পরিকল্পনা বাতিল করা হয়। ফলে এবারের টুর্নামেন্টে সমর্থকদের নিজেদের যাতায়াত ব্যয় নিজেকেই বহন করতে হচ্ছে।