আজকাল ওয়েবডেস্ক: চলতি বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লেখাচ্ছেন ফুটবলাররা। 

এবার বিশ্বকাপের মূল ম্যাচে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলের রেকর্ডে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির পাশে জায়গা করে নিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 

ফিফার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে পেনাল্টি থেকে রোনাল্ডো ও মেসি, দু'জনেরই গোলসংখ্যা ৪টি। বিশ্বকাপের ইতিহাসে যা যুগ্মভাবে সর্বোচ্চ। এই রেকর্ডে তাঁদের সঙ্গে রয়েছেন পর্তুগালের ইউসেবিও, নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং ইংল্যান্ডের হ্যারি কেন। 

এখনও পর্যন্ত বিশ্বকাপের মূল ম্যাচে কোনও ফুটবলার পেনাল্টি থেকে ৪টির বেশি গোল করতে পারেননি।

রোনাল্ডোর চারটি পেনাল্টি গোল এসেছে ২০০৬ বিশ্বকাপে ইরানের বিরুদ্ধে, ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে, ২০২২ বিশ্বকাপে ঘানার বিপক্ষে এবং ২০২৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে করা এই গোলটি ছিল বিশ্বকাপে রোনাল্ডোর কেরিয়ারের প্রথম নকআউট গোল।

বিশ্বকাপে রোনাল্ডোর ওপেন প্লের গোলসংখ্যা ৭টি। এর মধ্যে ২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটি, ২০১৪ বিশ্বকাপে ঘানার বিপক্ষে একটি, ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে পেনাল্টি ছাড়া আরও দু'টি এবং মরক্কোর বিপক্ষে একটি, আর ২০২৬ বিশ্বকাপে উজবেকিস্তানের বিরুদ্ধে দু'টি গোল করেছেন তিনি। 

সব মিলিয়ে বিশ্বকাপে রোনাল্ডোর মোট গোলসংখ্যা ১১টি। যার মধ্যে ৪টিই এসেছে পেনাল্টি থেকে।

ফিফার তথ্য অনুযায়ী, বিশ্বকাপে রোনাল্ডো মোট ৫টি পেনাল্টি নিয়েছেন। এর মধ্যে ৪টিতে গোল করলেও ২০১৮ বিশ্বকাপে ইরানের বিরুদ্ধে একটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।