আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের প্রাক্তন তারকা ফুটবলার জো কোল মনে করেন, লিওনেল মেসির বিশ্বকাপ স্বপ্ন শেষ করে ফাইনালে উঠতে পারে টমাস টুখেলের দল।
বিশ্বকাপ সেমিফাইনালের আগে কোলের দাবি, ইংল্যান্ডের গতি ও রক্ষণাত্মক সংগঠন আর্জেন্টিনাকে হারানোর জন্য যথেষ্ট হবে।
একটি পডকাস্টে কথা বলতে গিয়ে কোল বলেন, ''আমাদের মেসিকে থামাতে হবে। আর আমরা ওকে থামাবই।''
সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, বেশি আত্মবিশ্বাস হয়ে যাচ্ছে না? কোল বলেন, ''আমরা অবশ্যই পারব, ১০০ শতাংশ। আমি এখনই বলছি, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে যাবে। আমরা আর্জেন্টিনার চেয়ে অনেক দ্রুত এবং আমরা ওদের হারাব। আমার এমনটাই অনুভূতি।''
কোল আরও বলেন, ''লিওনেল মেসিকে আমরা বিছানায় শুয়ে দেব।''
কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ১-২ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ইংল্যান্ড। জুড বেলিংহ্যামের জোড়া গোলে টুখেলের দল জয় নিশ্চিত করে।
অন্যদিকে, আর্জেন্টিনা আবার সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারের ছাড়পত্র জোগাড় করে। এই বিশ্বকাপে প্রথমবার কোনও ম্যাচে গোল পাননি মেসি।
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ফুটে ওঠে অসংখ্য গল্প। অসংখ্য স্মৃতি। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে নতুন কোন গল্প লেখা হবে, সেটাই দেখার।
















