আজকাল ওয়েবডেস্ক: এই ২০২৬-এ তাঁরা পড়ন্ত সূর্য। কিন্তু এই পড়ন্ত বেলাতেও লিও মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একে অপরের রেকর্ড ভেঙে চলেছেন। 

আর্জেন্তিনার প্রথম ম্যাচে মেসি হ্যাটট্রিক করেন। আর এই হ্যাটট্রিকে চাপ বাড়ল রোনাল্ডোর। আজ রাতেই নামছেন রোনাল্ডো। 

ফলে যতই মেসি ও রোনাল্ডো বলুন তাঁদের মধ্যে আর সেই আগের মতো প্রতিদ্বন্দ্বিতা নেই, কিন্তু অঘোষিত লড়াই চলছেই। 

মেসি ও রোনাল্ডো এখন আর এক মহাদেশের ক্লাবের খেলোয়াড় নন। তাঁদের আর মুখোমুখি সাক্ষাতও হয় না। একে অপরকে কটাক্ষ করছেন, কোনওদিন তা শোনা যায়নি। 

সেই মেসি ও রোনাল্ডো কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছেও এখন একে অপরের সব থেকে বড় প্রতিপক্ষ। 

৩৮-এর মেসি শুধু বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা খেলোয়াড় হিসেবে রোনাল্ডোর রেকর্ড ভেঙেছেন তা নয়, তিনি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গিয়ে মিরোস্লাভ ক্লোজের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডেও সমতা এনেছেন। 

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে এক ঐতিহাসিক রাতে মেসি বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছ'টি ফিফা বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েন। 

আর সেই মঞ্চকে স্মরণীয় করে রাখতে তিনি দুর্দান্ত এক হ্যাটট্রিকও করে বসেন, যা আবারও প্রমাণ করে যে বড় মঞ্চে নিজেকে উজাড় করে দেওয়ার ক্ষমতা এখনও তাঁর মধ্যে অটুট রয়েছে। 

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল ইতিহাসে গ্রেটনেসের সংজ্ঞা বদলে দেওয়া এই খেলোয়াড়ের জন্য আরেকটি স্মরণীয় অধ্যায় ছিল আজকের ম্যাচ। 

৩৮ বছর ৩৫৭ দিন বয়সে মেসি রোনাল্ডোর আগের রেকর্ডও ভেঙে দেন। রোনাল্ডো ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে পর্তুগালের ৩-৩ ড্র ম্যাচে হ্যাটট্রিক করে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ হ্যাটট্রিকের রেকর্ড গড়েছিলেন।

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ রেকর্ডগুলোর মধ্যে এখন মেসির নামও আরও উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে। ১৯৩০ সাল থেকে শুরু করে বিশ্বকাপের ২৩টি আসরে মোট ৫৫টি হ্যাটট্রিক হয়েছে, আর মাত্র চারজন খেলোয়াড় একাধিকবার এই কীর্তি গড়তে পেরেছেন।

এত বিরল ও সম্মানজনক সাফল্যের মাঝেও মেসির এই অর্জন যেন আরও একবার মনে করিয়ে দেয়, বিশ্বকাপে তাঁর গল্প এখনও শেষ হয়ে যায়নি। বরং নতুন নতুন অধ্যায় যোগ হতে চলেছে। 

মেসি হ্যাটট্রিক দিয়ে শুরু করলেন। এবার দেখার রোনাল্ডো কী করেন?