আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়ে দিলেন, এই বিশ্বকাপই তাঁর শেষ। পরের বিশ্বকাপে আর খেলতে দেখা যাবে না সিআর সেভেনকে। শেষ ১৬-য় পর্তুগালের সামনে স্পেন। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে রোনাল্ডো নিজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন।
৪১ বছর বয়সী রোনাল্ডো নিজের কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে খেলছেন। ২০০৩ সালে পর্তুগালের জার্সিতে অভিষেকের পর দুই দশকেরও বেশি সময় ধরে তিনি আন্তর্জাতিক ফুটবলে নিজের আধিপত্য বিস্তার করে চলেছেন। সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেললেও তাঁর ফিটনেস ও দীর্ঘ কেরিয়ার আজও ফুটবলপ্রেমীদের বিস্মিত করে।
তবে পরবর্তী বিশ্বকাপের সময়ে রোনাল্ডোর বয়স হবে ৪৫ বছর। তাই চলতি বিশ্বকাপেই রোনাল্ডো নিজের সেরাটা দিতে চান।
সাংবাদিক বৈঠকে রোনাল্ডো বলেন, ''এটাই আমার শেষ বিশ্বকাপ। এখন শুধু উপভোগ করতে চাই এবং দলের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে চাই।''
পরের বিশ্বকাপে তাঁকে আর দেখা যাবে না বলে জানালেও জাতীয় দলের হয়ে কবে অবসর নেবেন সেই প্রশ্নের উত্তরে রোনাল্ডো বলেন, ''আমার যখন মনে হবে, তখন অবসর নেব। আপনারা যখন চাইবেন তখন নয়। আমি মাঠে খেলি বা বেঞ্চে থাকি, দলের উপর আমার প্রভাব একই থাকবে। ৪১ বছর বয়সে আমি খেলছি, এ নিয়ে অনেকেই প্রশ্ন তোলে। গত ২৩ বছর ধরে অনেকে আমাকে থামানোর চেষ্টা করেছে। এখন তারা বুঝেছে, সেটা সময়ের অপচয়। আমি এসবের সঙ্গে অভ্যস্ত।''
চলতি বিশ্বকাপে নিজের পারফরম্যান্স প্রসঙ্গে রোনাল্ডো বলেন, ''আমি আগের মতো এখন আর নই, কিন্তু এখনও গোল করছি। যদি আমি গোল করতে না পারি, তাহলে আমার কোনও সতীর্থ গোল করবে। আমাদের লক্ষ্য পরের রাউন্ডে ওঠা, শুধু আমার গোল করা নয়।''
চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই তিনটি গোল করে ফেলেছেন রোনাল্ডো। এর মধ্যে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে রাউন্ড অব ৩২-তে পেনাল্টি থেকে গোল করেন। গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিরুদ্ধে পাঁচ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেন রোনাল্ডো।
হয় স্পেন, না হয় পর্তুগাল। শেষ ১৬-র এই লড়াইয়ের পর কোনও একটা দেশকে বিদায় নিতেই হবে। রোনাল্ডো ভক্তদের একটাই চাওয়া, পর্তুগাল যেন টিকে থাকে বিশ্বকাপে। এটাই শেষ বিশ্বকাপ রোনাল্ডোর। শেষ বিশ্বকাপ তিনি উপভোগ করছেন। তাঁর খেলা উপভোগ করতে চান ফুটবলপাগলরা।















