আজকাল ওয়েবডেস্ক: আর্জেন্টিনার বিরুদ্ধে কেপ ভার্দের লড়াই স্মরণীয় হয়ে আছে। ম্যাচ চলাকালীন পিকো লোপেজ ও লিওনেল মেসির মধ্যে কী কথাবার্তা হয়েছিল, তা নিয়ে  কৌতূহলের অন্ত ছিল না ফুটবলপাগলদের মধ্যে। আয়ারল্যান্ডের আরটিই টেলিভিশনে অতিথি বিশ্লেষক হিসেবে উপস্থিত হয়ে সেই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ৩৪ বছর বয়সী লোপেজ।

লোপেজ জানান, প্রথমার্ধের শেষ দিকে তিনি ইচ্ছা করেই মেসিকে হালকা ধাক্কা দিয়েছিলেন। রসিকতা করে লোপেজ বলেন, “আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম যে মেসি সত্যিই কি মানুষ! তাই একটু ছুঁয়ে দেখেছিলাম। কিন্তু মেসি বিষয়টি ভালোভাবে নেয়নি।''

লোপেজ জানান মেসি স্প্যানিশে তাঁকে বলেন, ''লোপেজ, এটা ফাউল। এখানে তো বলই নেই, আমাকে ধাক্কা দিও না।''

তবে লোপেজ খেলার অংশ হিসেবেই বিষয়টা নিয়েছিলেন। বিরতির বাঁশি বাজার পর তিনি মেসিকে বলেন, ''আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম তুমি সত্যিই আছ কিনা। কারণ তুমি যদি আমার পিছনে চলে যেতে, তাহলে আমি বড় সমস্যায় পড়ে যেতাম।'' পরে দু'জন হ্যান্ডশেক করে মাঠ ছাড়েন।

এরই মধ্যে আর্জেন্টিনা শেষ ষোলোয় মিশরের বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তনে জয় ছিনিয়ে নেয়। মিশর ২-০ গোলে এগিয়েছিল। কিন্তু শেষ ১৫ মিনিটে আর্জেন্টিনার পুনর্জন্ম হয়।
 
তবে ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মিশরের হেড কোচ। গোলদাতা মোস্তাফা জিকো অভিযোগ করেন, ম্যাচে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর একটি গোল ভিএআরের মাধ্যমে বাতিল করা হয় এবং পরে মহম্মদ সালাহকে পেনাল্টি বক্সে ফেলে দেওয়ার ঘটনায় পেনাল্টি না দেওয়ায় বিস্মিত হন তাঁরা।  

জিকো বলেন, ''রেফারি ভালো ছিলেন না, তিনি অন্যায় করেছেন। শুরু থেকেই আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছেন। মনে হয়েছে তিনি চাননি আমরা জিতি। আমরা ২-০ গোলে এগিয়ে ছিলাম, তারপরও বারবার আমাদের বিপক্ষে সিদ্ধান্ত এসেছে। আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপের জন্য অভিনন্দন। মনে হচ্ছে সবকিছু আগেই ঠিক করা ছিল।''