আজকাল ওয়েবডেস্ক: শেষ ষোলোর লড়াইয়ের আগে আবারও চোটের ধাক্কা ব্রাজিল শিবিরে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকুয়েতার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। মেডিকেল পরীক্ষায় বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল।

জাপানের বিরুদ্ধে প্রথমার্ধের শেষ দিকে অস্বস্তি অনুভব করেন পাকুয়েতা। এরপর তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। প্রথমার্ধ শেষ হওয়ার পর তীব্র ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি।  সতীর্থ নেইমারের সহায়তায় মাঠ ত্যাগ করেন। দলের বাকিরা তাঁকে সান্ত্বনা দেন।

ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, পাকুয়েতার ইমেজিং পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের পিছনের পেশিতে আঘাতের বিষয়টি নিশ্চিত হয়েছে। 

বর্তমানে তিনি দলের মেডিকেল স্টাফদের চিকিৎসায় রয়েছেন। দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরানোই চিকিৎসক দলের প্রধান লক্ষ্য।

তবে শেষ ষোলোর ম্যাচে পাকুয়েতা খেলতে পারবেন কি না, এ বিষয়ে এখনও সরকারিভাবে জানায়নি ব্রাজিল ফুটবল কনফেডারেশন। 

বিশ্বকাপে এখনও পর্যন্ত ব্রাজিলের সব ম্যাচেই প্রথম একাদশে ছিলেন পাকুয়েতা। জাপানের বিরুদ্ধে তাঁর পরিবর্তে দ্বিতীয়ার্ধে এন্ড্রিককে মাঠে নামান কোচ কার্লো অ্যানচেলোত্তি। 

চোটের কারণে অনুশীলনেও অংশ নিতে পারেননি পাকুয়েতা। শেষ ষোলোর ম্যাচের আগে দলের অনুশীলনে তিনি অনুপস্থিত ছিলেন।