আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলের তারকা কুনহা জাপানের বিরুদ্ধে জিতে উঠে অঙ্গভঙ্গি করে বিতর্কে জড়িয়েছেন।
ম্যাচের অতিরিক্ত সময়ে ব্রাজিল নাটকীয়ভাবে জয়সূচক গোল করে শেষ ষোলো নিশ্চিত করার পর টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, কুনহা নিজের জার্সির ব্রাজিলের প্রতীকচিহ্নের দিকে ইঙ্গিত করেন এবং অন্য হাতে পাঁচ আঙুল তুলে ধরেন। অনেকেই এটিকে জাপানের ফরোয়ার্ড কেনতো শিওগাইকে উদ্দেশ্য করে দেওয়া বার্তা হিসেবে দেখছেন।
এর আগে শিওগাই মন্তব্য করেছিলেন, ''ব্রাজিল আর আগের মতো ফুটবলশক্তি নয়।" সেই মন্তব্যেরই জবাব হিসেবে কুনহার এই অঙ্গভঙ্গি ছিল বলে মনে করা হচ্ছে।
ম্যাচ শেষে ইনস্টাগ্রামে একাধিক স্টোরি দিয়ে নিজের কৃতকর্মের ব্যাখ্যা করেন কুনহা। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, "সব ধরনের সম্মান রেখেই বলছি, এত সফল একটি ব্রাজিল জাতীয় দল সম্পর্কে একজন জাপানি খেলোয়াড়ের এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। যদি কোনও ব্রাজিলিয়ান আমাদের সমালোচনা করেন, সেটা আমরা মেনে নিতে পারি। কিন্তু বাইরের কেউ এমন কথা বললে আমরা সবাই একসঙ্গে এর জবাব দিই। এটি আসলে এই জার্সির মর্যাদা, যাঁরা অতীতে এই জার্সি পরেছেন এবং আমরা আজ এখানে পৌঁছাতে যে পথ পেরিয়ে এসেছি, তার প্রতি সম্মান।''
Brazil’s Matheus Cunha COOKING Japanese player Kento Shiogai after the game:
— Hater Report (@HaterReport)
“5 WORLD CUPS… YOU SMALL!" pic.twitter.com/15WHqFxLwDTweet by @HaterReport
ইনস্টাগ্রাম স্টোরিতেও জাপানকে উদ্দেশ্য করে বার্তা দেন কুনহা। একটি পোস্টে তিনি লেখেন, "এখন তোমরা আমাদের সম্পর্কে আরও কিছুটা জানলে।" একটি পোস্টে তিনি ব্রাজিলের পতাকার ইমোজির সঙ্গে কেনড্রিক লামারের জনপ্রিয় গান হাম্বল ব্যবহার করেন।
তবে বিতর্কের মধ্যেও কুনহার মানবিক দিকও দেখা যায়। ম্যাচ শেষে যখন ব্রাজিলের খেলোয়াড়রা উল্লাসে মেতে ওঠেন, তখন তিনি সতীর্থদের ছেড়ে গিয়ে কান্নায় ভেঙে পড়া জাপানের মিডফিল্ডার আও তানাকাকে সান্ত্বনা দেন। শেষ বাঁশি বাজার পর বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ায় তানাকা আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি।














