আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফাইনালের আগে ড্রেসিংরুমে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। 

টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত, যেখানে মেসিকে বলতে শোনা যায়, "সবাই, শান্ত থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা যেন শান্ত থাকি। শুধু খেলায় মন দাও। সবকিছু ভুলে যাও, শুধু মাঠে নিজের খেলাটা খেলো।"

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনালের আগে দলকে ঘিরে তৈরি হওয়া সমালোচনা ও বিতর্কের কারণে খেলোয়াড়দের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে সতীর্থদের বাইরের সব আলোচনা উপেক্ষা করে শুধুমাত্র ফুটবলে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন মেসি। 

তবে ফাইনালে স্পেনের বিরুদ্ধে নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি আর্জেন্টিনা। একপেশে ম্যাচে ১-০ গোলে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় মেসিদের।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। একই সঙ্গে পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনাকে নিয়ে রেফারির পক্ষপাতের অভিযোগ ও বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো সমালোচকদেরও কড়া ভাষায় জবাব দেন তিনি। 

ডি পল লিখেছেন, "সবচেয়ে বড় কষ্ট হল আমরা আরেকবার বিশ্বকাপটা আমাদের দেশে ফিরিয়ে আনতে পারিনি। কারণ, যদি কেউ আবার সেই আনন্দ পাওয়ার যোগ্য হয়ে থাকে, তবে তা তোমরাই।"

তিনি আরও বলেন, "তবে আমরা বুঝতে পারছি এই দলের সঙ্গে তোমাদের সম্পর্ক শুধু একটি ট্রফির মধ্যে সীমাবদ্ধ নয়। এই কঠিন সময় পার করতে সেটাই আমাকে শক্তি জোগাচ্ছে।"

সমালোচকদের উদ্দেশে ডি পল বলেন, "আজ দেখছি, কত মানুষ আমাদের হার দেখার অপেক্ষায় ছিল। পুরো বিশ্বকাপজুড়ে তারা ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে গিয়েছে, শুধু এই কারণে যে তারা আর্জেন্টাইনদের মতো সেই আনন্দ অনুভব করতে পারেনি। আমাদের হাসি তাদের বিরক্ত করে, আমাদের চরিত্র তাদের অস্বস্তিতে ফেলে। কিন্তু এসবই প্রমাণ করেছে, নিজের জার্সির প্রতি আমাদের ভালবাসা ও আবেগ সব বাধা অতিক্রম করতে পারে।"

বার্তার শেষে তিনি লেখেন, "এই কষ্ট অনেক দিন আমার সঙ্গে থাকবে। কিন্তু আজ আগের যে কোনও সময়ের চেয়ে বেশি আমি একজন আর্জেন্টাইন হতে পেরে গর্বিত।"

ফাইনালের আগে মেসির শান্ত থাকার আহ্বান এবং ম্যাচ শেষে ডি পলের প্রতিক্রিয়া স্পষ্ট করে যে, পুরো টুর্নামেন্ট জুড়ে মাঠের বাইরের চাপ ও সমালোচনার মধ্যেও নিজেদের লক্ষ্য থেকে বিচ্যুত হতে চাননি আর্জেন্টিনার ফুটবলাররা। যদিও শেষ পর্যন্ত খেতাব ধরে রাখার মিশন সফল হয়নি, তবুও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা এবং দেশের জার্সির প্রতি গর্বের বার্তা দিতে ভোলেননি তারা।