আজকাল ওয়েবডেস্ক:  আর্জেন্টাইনের প্রাক্তন তারকা দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো। তাঁর ভুলেই ফেরান তোরেস গোল করে স্পেনকে চ্যাম্পিয়ন করেন। ফেরান তোরেসকে মার্কিং করার কথা ছিল সিমিওনের। 

কিন্তু জুলিয়ানো সিমিওনের মোজা ঠিক করার ভুল কি আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কেড়ে নিয়েছিল?

ম্যাচের একটি ছোট মুহূর্তই পরিণত হয়েছে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটিতে। স্পেন আক্রমণে ওঠার সময় জুলিয়ানো সিমিওনে স্পেনের ফেরান তোরেসকে মার্কিং করার বদলে নিজের মোজা ঠিক করতে শুরু করে দেন। সেই সুযোগে ফেরান তোরেস গোল করে যান। আর্জেন্টিনারও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে যায়। 

তাহলে কি এটিই ছিল ম্যাচের সবচেয়ে বড় ভুল?  নাকি জুলিয়ানো সিমিওনের ওপর হওয়া সমালোচনা আসলে অতিরঞ্জিত?

সিমিওনের এই ভুল নিয়ে চায়ের পেয়ালায় তুফান উঠতে পারে। কিন্তু তারকা পুত্র সিমিওনে হেরে যাওয়ার পরে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন সিমিওনে। স্পেনকে অভিনন্দন জানান তিনি। নিজের যন্ত্রণা-ব্যথার কথাও সিমিওনে লিখেছেন, ''এই যন্ত্রণা ভোলার নয়। তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ট্রফি দেশে নিয়ে যেতে না পারায় ক্ষমা চাইছি সবার কাছে।'' 
এদিকে ফাইনালে হারের পর ইনস্টাগ্রামে মেসি লেখেন, ''এই যন্ত্রণা ভোলার নয়। এই ক্ষত সারতে সময় লাগবে। কিন্তু আমরা যে ভাল মুহূর্তগুলো উপহার দিয়েছি, কঠিন ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, দেশের মানুষের সমর্থন এবং দলের কঠোর পরিশ্রম সবকিছুই আমাদের আবার বিশ্বের অন্যতম সেরা দলের আসনে পৌঁছে দিয়েছে। আজ হয়তো সেটা উপলব্ধি করা কঠিন, কিন্তু এই দল টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে।''

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি আরও বলেন, ''প্রত্যেকটি শুভেচ্ছার জন্য হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ। পাশাপাশি বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে আন্তরিক অভিনন্দন।''