আজকাল ওয়েবডেস্ক: ১৯৮৬ সালের স্মৃতি ফিরিয়ে ২০২৬ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নীল জার্সিতে নামতে চায় আর্জেন্টিনা।
২০২৬ ফিফা বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে শুধু মাঠের প্রস্তুতিতেই থেমে নেই আর্জেন্টিনা। কৌশল ও অনুশীলনের পাশাপাশি মানসিক দিক থেকেও এগিয়ে থাকতে চাইছে লিওনেল মেসির দল।
জানা গিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নিজেদের নেভি ব্লু অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামার জন্য ফিফার কাছে অনুমতি চেয়েছিল আর্জেন্টিনা। তবে এর কারণ শুধুমাত্র ইংল্যান্ডের সাদা জার্সির সঙ্গে রঙের পার্থক্য তৈরি করা নয়। বরং এর পেছনে রয়েছে এক ঐতিহাসিক স্মৃতি।
১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই নীল জার্সি পরেই খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেই দিয়েগো মারাদোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ বিশ্ব ফুটবলের ইতিহাসে জায়গা করে নেয়। মারাদোনার জোড়া গোলে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।
২০২৬ সালে একই রঙের জার্সি পরে মাঠে নামার মাধ্যমে সেই ঐতিহাসিক জয়ের স্মৃতি ও আত্মবিশ্বাসকে কাজে লাগাতে চাইছে আর্জেন্টিনা। দলের আশা, ১৯৮৬ সালের সেই সাফল্যের মানসিক প্রভাব ইংল্যান্ডের বিরুদ্ধে বাড়তি সুবিধা এনে দিতে পারে।
বিশ্বকাপে এরপর আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দেখা হয়েছে আরও দু’বার। ১৯৯৮ সালের বিশ্বকাপে দুই দল ২-২ গোলে ড্র করার পর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেও তারা নেভি ব্লু বিকল্প জার্সি পরেছিল।
অন্যদিকে, ২০০২ বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের একমাত্র পেনাল্টি গোলে ইংল্যান্ড ১-০ ব্যবধানে জয় পায়। সেই ম্যাচে আর্জেন্টিনা খেলেছিল তাদের ঐতিহ্যবাহী নীল-সাদা জার্সিতে।
ফিফা ইতিমধ্যেই আটলান্টায় হতে চলা সেমিফাইনালের জার্সি নির্ধারণ করে দিয়েছে। সেখানে ইংল্যান্ড তাদের চিরাচরিত সাদা হোম জার্সি পরবে, আর আর্জেন্টিনা মাঠে নামবে নেভি ব্লু ও কালো রঙের অ্যাওয়ে জার্সিতে।
২০২৬ বিশ্বকাপে এখনও পর্যন্ত আর্জেন্টিনা ছ'ম্যাচের মধ্যে পাঁচটিতেই তাদের মূল জার্সি পরে খেলেছে এবং সব ম্যাচেই জয় পেয়েছে। একমাত্র বিকল্প জার্সি তারা ব্যবহার করেছে জর্ডনের বিরুদ্ধে, সেই ম্যাচে ৩-১ গোলে জয় তুলে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা।
















