আজকাল ওয়েবডেস্ক: আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে। লিওনেল মেসি বনাম ভোজিনহা। 

নীল-সাদা জার্সিধারীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও বিতর্ককে গুরুত্ব দিচ্ছেন না আলবিসেলেস্তের প্রধান কোচ লিওনেল স্কালোনি। 

ফিফা, রেফারিদের সিদ্ধান্ত কিংবা বিশ্বকাপের নকআউট পর্বের ড্রয়ে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিয়েছে, এমন অভিযোগও সরাসরি উড়িয়ে দেন স্কালোনি। 

কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে স্কালোনি বলেন, এখনকার সময়ে সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন মন্তব্যও মুহূর্তেই বড় বিতর্কের আকার নেয়।  

স্কালোনি বলেন, ''আমি সোশ্যাল মিডিয়া দেখি না। বিষয়টি খুবই সহজ। এখনকার সমস্যা হল, কেউ হয়তো সম্পূর্ণ ভিত্তিহীন একটি মন্তব্য করল, কিন্তু কোনও ছোটখাটো ঘটনার সূত্র ধরে সেটিই অযথা বড় আকার ধারণ করে।  তাই এসব থেকে পুরোপুরি দূরে থাকাই সবচেয়ে ভালো।''

স্কালোনি আরও জানান, বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা দলের পুরো মনোযোগ শুধুই মাঠের খেলায়। টুর্নামেন্টকে ঘিরে বিভিন্ন অভিযোগ বা গুঞ্জন তাদের প্রস্তুতি কিংবা লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না বলেও মন্তব্য করেন স্কালোনি।

আর্জেন্টিনা কোচের কথায়, দল এখন কেবল পরবর্তী ম্যাচে ভাল পারফরম্যান্স করে বিশ্বকাপে নিজেদের যাত্রা এগিয়ে নেওয়ার দিকেই মনোযোগ দিচ্ছে। 

এদিকে মায়ামি বিমানবন্দরে একি কাণ্ড। যা দেখে হেসে গড়াগড়ি খেলেন লিওনেল মেসি। কেপ ভার্দের বিরুদ্ধে খেলতে মায়ামি পৌঁছে গিয়েছি আর্জেন্টিনা দল। যাওয়ার পথেই বিপত্তি। ম্যাচের প্রস্তুতির মাঝেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি মজার ভিডিও। বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় মেসিকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যায়। ভিডিওতে তাঁর এক সতীর্থের ব্যাগে একটি বিবিকিউ লাইটার পাওয়া যায়। সেটি বাজেয়াপ্ত করেন নিরাপত্তাকর্মীরা। পুরো ঘটনায় হাসি চেপে রাখতে পারেননি মেসি। হেসে গড়াগড়ি খান। যদিও ভিডিওটি কোথায় করা হয়েছে সেটা স্পষ্ট নয়। তবে আর্জেন্টিনা দল ইতিমধ্যেই মায়ামি পৌঁছে গিয়েছে। দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন পোস্ট করে জানিয়েছে, 'সিনিয়র দল আমরা মায়ামিতে।'

মেসি আবারও প্রমাণ করেছেন বয়স কেবলই একটি সংখ্যা মাত্র। ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টাইন মহাতারকা মাত্র তিন ম্যাচে ছয় গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে একনম্বরে রয়েছেন। কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন মেসি। আরলিং হালান্ড, হ্যারি কেন, ভিনিসিয়াস জুনিয়রদের মতো তারকাদের মাঝেও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। মেসির অনবদ্য পারফরম্যান্সে আর্জেন্টিনা ইতিমধ্যেই বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে। আগামী শনিবার (ভারতীয় সময়) নকআউট পর্বে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে। বর্তমান ফর্ম বজায় থাকলে আর্জেন্টিনার সেমিফাইনাল পর্যন্ত পৌঁছনোর সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।